প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ১০:০৭ AM

সাভারের হেমায়েতপুর-মধুরচর এলাকায় কিস্তির টাকা পরিশোধ করতে না পারায়, আজিজুল ইসলাম নামে এক ইজিবাইক চালককে শিকল দিয়ে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি গ্যারেজ মালিক রফিক। তিনি রংপুর জেলার বাসিন্দা বলে জানা যায়।
গতকাল রবিবার (১৮ মে) সকালে সাভারের হেমায়েতপুর-মধুরচর এলাকায় এ ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টা পর স্থানীয় কয়েকজন যুবক ও প্রতিবেশী তাকে তালা ভেঙে দুপুর ১২টার দিকে উদ্ধার করেন।
শিকলবন্দি থাকা ওই ইজিবাইক চালকের নাম আজিজুল ইসলাম। সে জামালপুর জেলার সদর থানা এলাকার দুলাল মিয়ার ছেলে।
ভুক্তভোগী আজিজুল ইসলাম জানায়, গত রোজায় সে স্থানীয় গ্যারেজ মালিক রফিকের কাছ থেকে একটি ইজিবাইক ভাড়ায় চালানোর সময় ছিনতাইকারীরা ইজিবাইকটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা বিচার সালিস করে আজিজুলকে ৭০ হাজার টাকা জরিমানা ধার্য করেন। এরপর থেকে আজিজুল প্রতিদিন ইজিবাইক চালিয়ে ৫০০ টাকা করে কিস্তির মাধ্যমে এখন পর্যন্ত ২০ হাজার টাকা পরিশোধ করেন।
এদিকে মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে শনিবার আজিজুল কাজে যেতে না পারায় দৈনিক ৫০০ টাকার কিস্তিও পরিশোধ করতে পারেনি। এর জের ধরে যাদুরচর এলাকার ইজিবাইক ব্যবসায়ী ও গ্যারেজ মালিক রংপুরের রফিক আজিজের বাসায় গিয়ে তার কোমরে শিকল পেঁচিয়ে চারটি তালা দিয়ে জানালার গ্রিলের সঙ্গে আটকে রেখে যায়। কিন্তু সকাল ৮টায় ভুক্তভোগী ইজিবাইক চালক আজিজুলকে বেঁধে রাখলেও সকাল ১১ টা পর্যন্ত কেউ তাকে সহযোগিতা করতে আসেননি। অবশেষে বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হওয়ার পর ১২ টার দিকে প্রতিবেশীসহ স্থানীয় লোকজন এসে তালা ভেঙে ইজিবাইক চালক আজিজকে মুক্ত করেন।
অন্যদিকে পাওনা টাকার জন্য কোমরে শিকল ও তালা দিয়ে বেঁধে রাখার ঘটনায় অভিযুক্ত ইজিবাইক ব্যবসায়ী রংপুর এলাকার রফিকের সঙ্গে কথা বলার জন্য খোঁজ করেও পাওয়া যায়নি।
এ বিষয়ে সাভার থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অনেকে দাবি করছেন, এ ধরনের অমানবিক ও আইনবিরোধী কর্মকাণ্ডের দ্রুত বিচার হওয়া উচিত।
স্বদেশ প্রতিদিন/এমএম