প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ১:৪৪ পিএম

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৮ মে) দুদক সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে সংস্থার উপ-পরিচালক মাসুদুর রহমানকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নেতৃত্বে একটি দল অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে।
সূত্র জানায়, অনুসন্ধান দল সাবেক প্রধানমন্ত্রীর স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব পর্যালোচনা করবে এবং প্রয়োজনে সম্পদ বিবরণীর জন্য নোটিশও জারি করা হবে।
এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে পূর্বাচলে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার ও বিভিন্ন সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের একাধিক অভিযোগে অনুসন্ধান শুরু করেছিল দুদক।
প্লট জালিয়াতি সংক্রান্ত একটি মামলায় চার্জশিট দাখিলের পর আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেন।
তবে এ বিষয়ে শেখ হাসিনা বা তাঁর আইনজীবীদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন।
স্বদেশ প্রতিদিন/এনআর