প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১১:৪১ AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার তামিম হাওলাদারের গ্রামের বাড়ির দুটি ঘর আগুনে পুড়িয়ে দিয়েছেন স্থানীয় বিক্ষুব্ধরা। খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশের একটি দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরআগে মঙ্গলবার (১৩ মে) রাতে ছুরিকাঘাতে হত্যা করা হয় শাহরিয়ার আলম সাম্যকে।
গতকাল বুধবার (১৪ মে) সন্ধ্যার দিকে মাদারীপুরের ঝাউদি ইউনিয়নে ব্রাহ্মন্দী এলাকায় তামিম বাড়িতে অগ্নি সংযোগ করা হয়। সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার আরো দুজন মাদারীপুরের ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামের কালাম সরদারের ছেলে পলাশ সরদার ও ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামের যতীন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক।
উল্লেখ্য, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ছেলে সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে পড়তেন। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী এফ রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা জানান, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া তিনজনের বাড়িই মাদারীপুর জেলায়। এদের মধ্যে তামিম হাওলাদার ও পলাশ সরদারের বাড়ি সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামে। অপরজনের বাড়ি ডাসার উপজেলার শশিকরে। অন্য দু’জনের বাড়িতে এখনো কেউ অগ্নিসংযোগ বা ভাঙচুর করেছে বলে কোনো খবর পাইনি। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে।’
স্বদেশ প্রতিদিন/আইএমএস