প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৯:২৮ পিএম

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন।
বুধবার (১৪ মে) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় রাশিয়া থেকে বাংলাদেশের খাদ্য নিরাপত্তাসহ গম আমদানির বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত আছে উল্লেখ করে খাদ্য উপদেষ্টা বলেন, রাশিয়া থেকে বাংলাদেশে খাদ্যশস্য বিশেষ করে গম ও সারের একটি বড়ো অংশ আমদানি করা হয়। দেশে বর্তমানে গমের চাহিদা প্রায় ৭০ লাখ টন। আর উৎপাদন হয় মাত্র ১০ লাখ টন। এ ছাড়া আমদানি করতে হয় বাকি ৬০ লাখ টন।
তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে রয়েছে রাশিয়া। দেশটির সাথে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে।
এছাড়াও সাক্ষাতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উল্লেখ্য, বৈঠকে আরো উপস্থিত ছিলেন খাদ্য সচিব মো. মাসুদুল হাসান।
স্বদেশ প্রতিদিন/আইজেপি