প্রকাশ: রবিবার, ১১ মে, ২০২৫, ৩:৩২ পিএম

ব্যাপক উত্তেজনার মাঝে ট্রাম্পের মধ্যস্ততায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পারমানবিক ক্ষমতাধর দুই দেশ ভারত ও পাকিস্তান।
কিন্তু এতো উত্তেজনার মাঝে কেন যুদ্ধবিরতিতে গেল এই দুই দেশ, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস অস্ট্রেলিয়া-র পরিচালক মাইকেল শোব্রিজ বলেন, কারণ উভয় পক্ষই মনে করছে—তারা নিজেদের অবস্থান থেকে বিজয়ের দাবি করতে সক্ষম হয়েছে।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে শোব্রিজ বলেন, আমার ধারণা, দুই পক্ষই যুদ্ধবিরতির জন্য প্রস্তুত ছিল এবং কেউই ব্যাপক যুদ্ধ চাইছিল না। ভারত দাবি করছে, তারা পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী ঘাঁটি এবং কিছু সামরিক লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালিয়েছে। অন্যদিকে, পাকিস্তান দাবি করছে, তারা ভারতের একটি উন্নতমানের যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
এই অবস্থায় দুই দেশেরই ‘সম্মান রক্ষা হয়েছে’ বলেই মনে করছেন তিনি। তিনি মনে করেন এ কারণেই তারা যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত ছিল এবং মধ্যস্থতার প্রয়োজনীয়তাও অনুভব করেছিল।
তিনি আরও পূর্বাভাস দিয়েছেন, এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হতে পারে। যদিও শুরুর রাতে (শনিবার) কিছু লঙ্ঘন ঘটেছিল, তা সম্পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করার প্রক্রিয়ার অংশ বলেই মনে করেন তিনি।
উল্লেখ্য, ভারত ও পাকিস্তান দুটোই পারমাণবিক শক্তিধর দেশ হওয়ায় প্রতিটি উত্তেজনাকর পরিস্থিতি বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টি করে। এই যুদ্ধবিরতির মাধ্যমে অঞ্চলটিতে স্বস্তির সুবাতাস বইতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
স্বদেশ প্রতিদিন/এনআর