
বেশ কিছুদিন বৃষ্টি না থাকার কারণে প্রচণ্ড গরমে সবার অবস্থা নাজেহাল। রোদ এবং গরমের তীব্রতার সাথে সাথে বিভিন্ন রোগ এবং স্বাস্থ্যসমস্যা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এই গরমে প্রয়োজন না হলে ঘরের বাইরে না যাওয়াই ভালো আর গেলেও সাথে ছাতা এবং পানির বোতল রাখতে হবে। বাসায় বয়স্ক এবং বাচ্চাদের আলাদা যত্ন নিতে হবে।
প্রথমে আমরা জানব তীব্র গরমে কি কি সমস্যা হতে পারে
১। পানিশূন্যতা
এই গরমে সবথেকে বেশি যে সমস্যা হয় সেটা হলো পানিশূন্যতা। তীব্র গরমে শরীর থেকে অতিরিক্ত পানি বের হয়ে যায়, সেই সাথে বাতাসের আদ্রতা কম থাকার কারণে শরীর দ্রুত পানিশূন্য হয়ে পড়ে। ফলে দেখা দেয় পানিশূন্যতা। এই গরমে পানিশূন্যতা থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় পানি বা তরল খাবার খেতে হবে, সেই সাথে বাইরে গেলে অবশ্যই ছাতা এবং পানির বোতল সাথে রাখতে হবে। যতটা সম্ভব বাইরের পানীয় এবং খাবার পরিহার করতে হবে।
২। মানসিক স্বাস্থ্যের ঝুঁকি
তীব্র গরমে অনেকের শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক সমস্যা দেখা দেয়। প্রচণ্ড গরমে মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায় যেটা তীব্র মানসিক স্বাস্থ্য সংকটের সম্মুখীন করে। গরমে শারীরিক ও মানসিকভাবে সুস্থ্ থাকতে প্রয়োজনীয় ঘুম দরকার। অতিরিক্ত মানসিক চাপ ও উদ্বেগ নেয়া যাবেনা। বেশি বেশি পানি বা পানিজাতীয় খাবার খেতে হবে।
৩। হিটস্ট্রোক:
সাধারণত অতিরিক্ত রোদে থাকার কারণে হিটস্ট্রোক হয়ে থাকে। হিটস্ট্রোক হলে শরীরের তাপমাত্রা বেড়ে যায়। এমনকি তাপমাত্রা বেড়ে ১০৪ ডিগ্রি বা তার বেশি হতে পারে সেই সাথে শরীর পানিশূন্য হয়ে যায়। বয়স্কব্যক্তি, শিশু, যারা কায়িক শ্রম করেন, হৃদরোগী এবং ফুসফুসের রোগে আক্রান্ত ব্যক্তি, ক্রীড়াদিবদের সাধারণত হিটস্ট্রোকের ঝুকি বেশি থাকে। হিটস্ট্রোকের লক্ষণগুলো জেনে নেয়া ভালো
- শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া
- দ্রুত হ্রদস্পন্দন এবং দ্রুত শ্বাস-প্রশ্বাস
- বিভ্রান্তি এমনকি খিচুনিও হতে পারে, এলোমেলো আচরণ
- তীব্র মাথা ব্যথা, বমি বমি ভাব
- মাংসপেশী ক্রাম্প বা দুর্বলতা
- ত্বকে ফুসকুড়ি, অতিরিক্ত ঘাম/ ঘাম না হওয়া
- অবচেতন হয়ে যাওয়া।
৪। চর্মরোগ
অতিরিক্ত গরমে যাদের ঘাম বেশি হয় তাদের শরীরে চর্মরোগ দেখা দেয়া, যেমন- ঘামাচি/ ছত্রাক সংক্রমণ। অনেকেই ঘামাচি হলে সেখানে চুলকায় এবং সংক্রমণের সৃষ্টি হয়। ঘামাচি থেকে রক্ষা পেতে ঘামে ভেজা জামাকাপড় পরেরদিন না ধুয়ে পরা উচিৎ না।
৫। ডায়রিয়া/বদহজম
অতিরিক্ত গরমে অনেকের হজমে সমস্যা দেখা দেয়। গরমে খাবার অনেক সময় নষ্ট হয়ে যায় যেটা খেলে ফুডপয়জনিং বা বিষক্রিয়া হতে পারে। তাই পচা-বাসি খাবার, রাস্তাঘাটের খোলা খাবার, লেবুর শরবৎ, আখের রস এসব না খাওয়াই ভালো এবং ফ্রিজের খাবার খাওয়ার আগে
অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। ডায়রিয়া হলে প্রচুর পরিমাণ পানি, স্যালাইন ও ডাবের পানি খেতে হবে।
তবে দুশ্চিন্তার কিছু নেই। কিছু সহজ অভ্যাস গড়ে তুললে নিজেকে অনেকটাই ঠান্ডা ও সুস্থ রাখা যায়। চলুন জেনে নেওয়া যাক প্রচন্ড গরমে নিজেকে ঠান্ডা রাখার চমৎকার কিছু উপায়:
পর্যাপ্ত পানি পান করুন
গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পানি বেরিয়ে যায়। তাই দিনে অন্তত ৮–১০ গ্লাস পানি পান করুন। সাথে পান করতে পারেন লেবু পানি, ডাবের পানি বা স্যালাইন। এগুলো শরীরে ইলেক্ট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে।
মাটির পাত্রে পানি রাখুন
খাবার পানি মাটির কলসি বা হাড়িতে রাখুন, ফলে পানি ঠান্ডা থাকবে। ফ্রিজের ঠান্ডা পানি পান করা স্বাস্থ্যসম্মত নয়। মাটি প্রাকৃতিকভাবে পানি ঠান্ডা রাখে। গরমে স্বস্তি তো পাবেনই, সাথে শরীরও ভালো থাকবে।
হালকা ঢিলেঢালা পোশাক পরুন
গরমে মোটা, আঁটসাঁট পোশাক না পরাই ভালো। সুতির হালকা রঙের জামা কাপড় গরমে পরার জন্য সবচেয়ে উপযোগী। এই ধরনের পোশাক বাতাস চলাচলে সহায়তা করে এবং শরীর ঠান্ডা রাখে। ফ্যাশন আর আরাম—দুটোই একসাথে।
রোদ এড়িয়ে চলুন
যতটা সম্ভব সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোদে বের হওয়া এড়িয়ে চলুন। প্রয়োজনে ছাতা, সানগ্লাস ও হ্যাট ব্যবহার করুন। সূর্যের তাপে নিজেকে পোড়াবেন না, বরং স্মার্টলি নিজেকে রক্ষা করুন।
হালকা ও পুষ্টিকর খাবার খান
গরমে ভারী ও তেল-মসলা জাতীয় খাবার হজমে সমস্যা সৃষ্টি করে। তাই বেশি করে ফলমূল, শাকসবজি ও ঠান্ডা জাতীয় খাবার খান। তরমুজ, শসা, পেঁপে, দই এগুলো শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।
ঘর ঠান্ডা রাখার চেষ্টা করুন
ঘরের জানালা-পর্দা এমনভাবে সাজান যেন রোদ কম প্রবেশ করে কিন্তু বাতাস চলাচল ঠিক থাকে। ঘরের ভেতর কিছু গাছ রাখুন। চাইলে বালিশে বা পর্দায় হালকা ল্যাভেন্ডার বা পুদিনার সুগন্ধ ব্যবহার করুন—এটি মনকেও ভালো রাখবে।
ঘরের বাইরে বের হলে সতর্ক থাকুন
প্রচন্ড গরমে সানস্ট্রোক বা হিটস্ট্রোক হতে পারে। তাই বাইরে বের হবার আগে পানি পান করুন এবং হালকা খাবার খেয়ে নিন। খুব বেশি প্রয়োজন না হলে বাইরে বের না হওয়াই ভালো।
গরমকে এড়িয়ে চলা যায় না, তবে সঠিক অভ্যাস ও সচেতনতা দিয়ে এই তীব্র তাপদাহেও নিজেকে সুস্থ ও ঠান্ডা রাখা সম্ভব। শরীর ও মনের যত্ন নিন, গরমেও থাকুন সতেজ।
স্বদেশ প্রতিদিন/কেএইচ