প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ৯:৪৬ পিএম আপডেট: ১০.০৫.২০২৫ ১০:০১ PM

টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে কাজলী বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত কাজলী বেগম ওই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।
নিহতের পরিবারের জানান, কাজলী বেগম শনিবার সকালে পানি আনতে ঘরের পাশে নলকূপে যান। সেখানে একটি সাপ তার বাম হাতে ছোবল দেয়। এতে তার দুই আঙুলে বিষধর সাপের দাঁতের চিহ্ন বসে যায়। এ সময় তিনি চিৎকার করে বিষয়টি ছেলেকে জানান। ছেলে তার মাকে দেড় ঘণ্টার মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মনিরুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে কাজলী বেগমকে মৃত ঘোষণা করেন।
কাজলী বেগমের ছেলে হোসেন আলী বলেন, মা পানি আনতে গিয়েছিল। চিৎকার শুনে দৌঁড়ে গিয়েও আমি সাপ দেখতে পারিনি। হাতে চিহ্ন দেখে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। তারপরও মাকে বাঁচাতে পারলাম না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মনিরুল ইসলাম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই নারী মারা গেছেন। তার বাম হাতের দুটি আঙুলে ক্ষতচিহ্ন দেখে প্রাথমিকভাবে বিষধর সাপের কামড় বলেই মনে হয়েছে। বিষয়টি থানায় জানিয়ে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এসকে