প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৩:২৬ পিএম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে বলা হয়, ‘ছুটিকালীন সময়ে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে উল্লিখিত দুই দিন (১৭ ও ২৪ মে) সব অফিস খোলা থাকবে।’
আজ বুধবার (৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘অন্তর্বর্তীকালীন সরকার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে। ছুটিকালীন সময়ে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে উল্লিখিত দুই দিন (১৭ ও ২৪ মে) সব অফিস খোলা থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘জরুরি পরিষেবা যেমন-বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতাভুক্ত হবেন না। হাসপাতাল ও জরুরি সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও এই ছুটির বাইরে থাকবেন।’
ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। সেই সাথে আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।
উল্লেখ্য, মঙ্গলবার (৬ মে) উপদেষ্টা পরিষদের বৈঠকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটির সিদ্ধান্ত গৃহীত হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম