প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৩:০৯ পিএম আপডেট: ০৭.০৫.২০২৫ ৩:১৯ PM

গত কয়েকদিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হলেও কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। ফলে তাপমাত্রার পারদ বিরাজ করছে ৩৯ ডিগ্রির ঘরে। তাই সর্বত্রই তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এই অবস্থায় দেশের ৮ বিভাগেই ছড়িয়ে পড়তে পারে তাপপ্রবাহ।
আগামী কয়েক দিনে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
বুধবার (৭ মে) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল পেরিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’একটি স্থানে সাময়িকভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের অন্য অংশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে।
আগামী কয়েক দিন দেশের বেশিরভাগ এলাকায় গরম পরিস্থিতি আরও বাড়বে। আগামী বৃহস্পতিবার (৮ মে) ও শুক্রবার (৯ মে) দেশের সর্বত্র দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। শনিবার (১০ মে) আবহাওয়ার তেমন পরিবর্তন না হলেও গরমের প্রবণতা অব্যাহত থাকবে।
রোববার (১১ মে) কিছু কিছু অঞ্চলে, বিশেষ করে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের অন্য জায়গায় আবহাওয়া শুকনো থাকতে পারে এবং তাপমাত্রা স্থিতিশীল থাকবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, পরের পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে, যার ফলে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার এই পরিবর্তন জনজীবনে বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষজনের জন্য তা স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। দেশের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে গরমজনিত রোগ-বালাই বাড়তে শুরু করেছে।
জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আবহাওয়ার এমন চরম আচরণ ক্রমেই স্বাভাবিক হয়ে উঠছে। এই পরিস্থিতিতে, প্রতিবেশী পাকিস্তানের মতো বাংলাদেশেও দীর্ঘমেয়াদি ও প্রযুক্তিনির্ভর আবহাওয়া পূর্বাভাস এবং নাগরিক সুরক্ষা ব্যবস্থা জোরদার করা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।
স্বদেশ প্রতিদিন/এসকে