প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ১০:১৭ পিএম

গজারিয়া উপজেলার টেংগারচর গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে ফারুকুল ইসলাম (৪৮) সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ খবরে পরিবারে থামছে না শোকের মাতম।
আজ সোমবার ফরহাদুল ইসলাম তার বড় ভাই ফারুকুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত শনিবার সৌদি আরবের স্থানীয় সময় সকাল ১১টার দিকে কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ফারুকুল।
নিহত প্রবাসীর স্ত্রী মোসা. জোসনা জানান, স্বামীই ছিলেন তার একমাত্র অবলম্বন। তিনি আরো বলেন, গতকাল রোববার সকাল ৭টার দিকে সৌদি আরবে অবস্থানকারী তাঁর স্বামী'র এক বন্ধু তাকে ফোনে স্বামীর মৃত্যুর খবর জানায়। স্বামীর মরদেহ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন জোসনা আক্তার।
মারা যাওয়ার তিনদিন আগে মা হোসনে আরার সাথে ফোনে শেষ কথা হয়েছিল ফারুকুলের। মাকে ফোনে বলেছিল- চিন্তা কইরো না। কোরবানির ঈদের আগে আমি বাড়ি চলে আসবো। ছেলেটার লাশ শেষ দেখার দাবি মমতাময়ী মায়ের।
সৌদি আরবে কর্মরত ফারুকুলের সহকর্মীদের বরাত দিয়ে টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজি জানান, পরিবারের সদস্যদের জীবনমান উন্নত করতে ২০২৩ সালের অক্টোবর মাসে সৌদি আরব পাড়ি জমিয়েছিক ফারুকুল।
শনিবার সকালে সেখানে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। মরদেহ দেশে আনতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।
স্বদেশ প্রতিদিন/এনআর