প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ৭:৪১ পিএম আপডেট: ০৫.০৫.২০২৫ ৭:৫৪ PM

পেরুর একটি সোনার খনির ভেতর থেকে ১৩ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপহরণের কয়েক দিন পর এই শ্রমিকদের মৃত অবস্থায় পাওয়া যায় পাতাজ প্রদেশে অবস্থিত একটি সোনার খনির সুড়ঙ্গের ভেতর।
নিহতরা সবাই রাজধানী লিমার উত্তরে পাতাজ প্রদেশে অবস্থিত ওই খনিতেই কাজ করতেন, যার মালিক পেরুর খননকারী কোম্পানি পোদেরোসা। পোদেরোসা পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম ও বার্তা সংস্থা এপি জানায়, খনিটিতে অবৈধ খনন রোধে ওই ১৩ জনকে পাঠানো হয়েছিল। কিন্তু খনিটির দখল নিতে চাওয়া একটি অপরাধী চক্র তাদের অপহরণ করে। অপহরণের পর চক্রটি এক সপ্তাহ ধরে শ্রমিকদের আত্মীয়-পরিজনকে হুমকি দিতে থাকে।
পোদেরোসা অভিযোগ করেছে, অবৈধ খনন বন্ধে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এবং পুলিশের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা হতাশ। খনি এলাকাটিতে সহিংসতার মাত্রা দিন দিন বাড়ছে বলেও সতর্ক করেছে তারা।
পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে।
সূত্র: এপি
স্বদেশ প্রতিদিন/এমএম