প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১২:৫৭ AM

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে মো. শাকিল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার ছোট ভাই শুভকে (২৫) কুপিয়ে আহত করা হয়। সোমবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে ছয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেটে এ ঘটনা ঘটে।
নিহত শাকিল ওই এলাকার মো. সোলাইমান খোকনের ছেলে। পেশায় তিনি থাই অ্যালুমিনিয়াম মিস্ত্রি ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রাতে গঙ্গাবর বাজারের একটি দোকানে শাকিলসহ কয়েকজন চা পান করছিলেন। এ সময় একটি সিএনজি অটোরিকশায় করে পাঁচজন অস্ত্রধারী এসে লাবিব নামে এক তরুণকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে সন্ত্রাসীরা শাকিলকে লক্ষ্য করে গুলি চালায়। একই সময়ে তার ছোট ভাই শুভকেও কুপিয়ে আহত করা হয়।
গুরুতর অবস্থায় স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। আহত শুভ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর স্থানীয়রা অস্ত্রধারী তিন সন্ত্রাসীকে আটক করে গণপিটুনি দেয়। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, "ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এলাকাবাসীর সহায়তায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।
স্বদেশ প্রতিদিন/এনআর