প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১০:১৩ AM

কেউ তাঁকে নগ্ন ছবি পাঠিয়েছেন, কেউ করেছেন গালাগালি, কেউবা আবার একান্তে সময় কাটাতে চেয়েছেন—ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে এমনই বিস্ফোরক সব অভিযোগ করেছেন অনন্যা বাঙ্গার। অনন্যার জন্ম ও বেড়ে ওঠা ভারতে হলেও বর্তমানে তিনি যুক্তরাজ্যে থাকেন।
ভারতীয় কোচ সঞ্জয় বাঙ্গারের সন্তান অনন্যা বাঙ্গার। গত বছর হরমোন প্রতিস্থাপন থেরাপি ও লিঙ্গ নিশ্চিতকরণের অস্ত্রোপচারের মাধ্যমে আরিয়ান থেকে অনন্যা হয়েছেন সঞ্জয়ের এই সন্তান। অবশ্য এর আগে বাবার পদাঙ্ক অনুসরণ করে বয়সভিত্তিক ক্রিকেটও খেলেছেন। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম লাল্লানটপকে দেওয়া এক সাক্ষাৎকারে গুরুতর অভিযোগ করেছেন অনন্যা। বলেছেন, ক্রিকেটাররা একসময় তাকে নগ্ন ছবি পাঠাতেন।
লালানটপ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ২৩ বছর বয়সী অনন্যা জানান, ছোটবেলা থেকেই নিজেকে মেয়ে হিসেবে অনুভব করতেন। তার ভাষায়, ‘আমি আট-নয় বছর বয়সেই জানতাম, আমি একজন মেয়ে। মায়ের কাপড় পরতাম, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কল্পনা করতাম নারীরূপে।’
ক্রিকেট ক্যারিয়ারে নানাভাবে লাঞ্ছিত হয়েছেন বলেও জানান অনন্যা। তিনি বলেন, ‘অনেক ক্রিকেটারই আমাকে নগ্ন ছবি পাঠিয়েছে। কেউ কেউ সামনাসামনি অপমান করলেও পরে ছবি তুলতে চেয়েছে, এমনকি অশালীন প্রস্তাবও দিয়েছে।’
এক প্রবীণ ক্রিকেটারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি যখন নিজের পরিস্থিতি বোঝাতে চাই, সে বলে, ‘চলো গাড়িতে যাই, আমি তোমার সঙ্গে রাত কাটাতে চাই।’
সাক্ষাৎকারে অনন্যা ভারতীয় ক্রিকেট–কাঠামো নিয়ে গুরুতর কিছু অভিযোগ তোলেন, ‘আমি মুশির খান, সরফরাজ খান, যশস্বী জয়সোয়ালের মতো নামকরা ক্রিকেটারদের সঙ্গে খেলেছি। আমাকে তখন নিজের বিষয়ে গোপনীয়তা বজায় রাখতে হয়েছে; কারণ, আমার বাবা ছিলেন পরিচিতমুখ। ক্রিকেটজগৎটা নিরাপত্তাহীনতা আর বিষাক্ত পুরুষতান্ত্রিকতায় ভরা।’
স্বদেশ প্রতিদিন/কেএইচ