প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৯:০০ পিএম আপডেট: ১৭.০৪.২০২৫ ৯:০৫ PM

স্বাধীনতাপূর্ব ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ ৪৩২ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছে পাকিস্তানের কাছে। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব জসিম উদ্দিন।
তিনি বলেন, 'বাংলাদেশের আগের একটি হিসাবে ৪০০ কোটি ডলার এবং আরেকটা হিসাবে ৪৩২ কোটি ডলার। এ হিসাব আজকের আলোচনায় বলেছি।'
পররাষ্ট্রসচিব জানান, অমীমাংসিত সমস্যাগুলো নিয়ে পাকিস্তান আলোচনা চালিয়ে যাবে বলে বাংলাদেশকে জানানো হয়েছে।
পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে কিনা সাংবাদিকদের করা এই প্রশ্নে জসিম উদ্দিন বলেন, 'বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সেটাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে গেলে অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা করা প্রয়োজন।'
তিনি আরও জানান, পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালু হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, 'এক দেশ থেকে আরেক দেশে মানুষ গেলে সেটাকে ঝোঁকা মনে হয় না। আমরা পাকিস্তানের সঙ্গে যেভাবে এনগেজ হচ্ছি, সেটার ভিত্তি হচ্ছে পরস্পরের প্রতি শ্রদ্ধা ও পারস্পরিক লাভ। আমরা আমাদের লাভের দিকে দেখছি।'
একাত্তরের অপরাধের জন্য পাকিস্তানের বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার বিষয়েও আলোচনায় বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।
'কূটনীতির কাজ হচ্ছে আমাদের অবস্থানটা তুলে ধরে সেটা নিয়ে এগিয়ে যাওয়া। তারা বলেছে এ বিষয় তারা ভবিষ্যতে আলোচনায় রাখতে চান,' বলেন পররাষ্ট্রসচিব।
এছাড়া বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে তিনি জানান।
স্বদেশ প্রতিদিন/এএএম