প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৯:০৩ পিএম

সাভারের আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে তুলে নেওয়ার চেষ্টা করার সময় সাদ্দাম হোসেন রাজিব (৪১) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১২ টার দিকে আশুলিয়ার বাইপাইল বসুন্ধরা এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত সাদ্দাম হোসেন রাজিব (৪১) টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সলিমাবাদ এলাকার আনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে সে আশুলিয়ার মধ্য গাজিরচট মাটির মসজিদ এলাকায় বসবাস করতো বলে জানা যায়।
ভুক্তভোগী ব্যবসায়ী নবাব আলী জানান, তিনি বাইপাইল বসুন্ধরা এলাকায় স্টক লটের ব্যবসা করেন।
স্থানীয়দের মতে, সোমবার দুপুর ১২ টার দিকে একটি হাইস গাড়ি থেকে কয়েকজন লোক নেমে তাকে তুলে নেয়ার চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। তবে স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ি নবাব আলী বলেন, দুপুরে আমি মোটরসাইকেলযোগে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় একটি হাইস গাড়ি থেকে কয়েকজন লোক হাতের ইশারা দিয়ে আমাকে থামতে বলেন। গাড়িতে ডিবি পুলিশের স্টিকার থাকায় আমি না দাঁড়িয়ে মোটরসাইকেল চালিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। রাস্তায় কাঁদা থাকায় মোটরসাইকেল নিয়ে আমি পড়ে যাই। এ সময় গাড়ী থেকে কয়েকজন নেমে আমাকে বলে, আমার নিকট অস্ত্র আছে। এই বলে আমাকে জোরপূর্বক গাড়িতে উঠানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তারা কৌশলে পালিয়ে যায়। এ সময় উপস্থিত জনতা একজনকে আটক করে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, আশুলিয়ার বাইপাইল বসুন্ধরা এলাকায় এক ব্যবসায়ীকে তুলে নেয়ার চেষ্টা করার সময় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর