প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৩:৫৮ পিএম

দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে যথাক্রমে ১৪ টাকা ও ১২ টাকা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয়ে আয়োজিত পর্যালোচনা সভা শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ তথ্য জানান।
তিনি বলেন, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ১৪ টাকা বেড়ে দাম নির্ধারণ করা হয়েছে ১৮৯ টাকা। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ১২ টাকা বেড়ে দাম নির্ধারণ করা হয়েছে ১৬৯ টাকা ।
এছাড়া বাজারে পাঁচ লিটারের প্রতি সয়াবিন তেলের বোতল ৯২২ টাকা ও প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৯ টাকা। মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকেই এই নতুন দাম কার্যকর হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা।
তিনি আরো বলেন, স্থানীয় বাজার থেকে ভোজ্যতেলের জোগান বাড়াতে এরই মধ্যে দুইটি তেল কোম্পানি তেল উৎপাদন শুরু করেছে। জানা যায়, আরো ৬ থেকে ৭টি তেল কোম্পানি তেল উৎপাদনের প্রক্রিয়ায় আসবে।
এর আগে, রবিবার (১৩ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল। তবে সরকারের সিদ্ধান্ত না আসায় সেদিন সেই দাম কার্যকর হয়নি।
স্বদেশ প্রতিদিন/আইজেপি