প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৭:২৭ পিএম আপডেট: ১১.০৪.২০২৫ ৭:৩৫ PM

ক্ষমতা হারানোর পর দীর্ঘ সময় পর্দার আড়ালে থাকা বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে কলকাতায় দেখা গেছে বলে জানা গেছে।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে কলকাতার অ্যাপোলো হাসপাতালে তার দেখা মেলার দাবি করেছেন এক বাংলাদেশি।
এই তথ্য উঠে এসেছে ডিজিটাল সংবাদমাধ্যম ‘সকাল সন্ধ্যা’র সম্পাদক গাজী নাসির উদ্দীন আহমেদের একটি ফেসবুক পোস্ট থেকে। তিনি জানান, তার এক বন্ধু চিকিৎসার জন্য অ্যাপোলো হাসপাতালে অপেক্ষা করছিলেন। সেখানে চিকিৎসক শ্যামাশীষ ব্যানার্জীর কক্ষের সামনে অপেক্ষারত অবস্থায় এক ব্যক্তিকে বের হতে দেখেন। আকাশি রঙের টি-শার্ট ও প্যান্ট পরা সেই ব্যক্তিকে চিনতে পেরে তিনি বলে ওঠেন, ‘ওবায়দুল কাদের না?’ এরপরই ওই ব্যক্তি দ্রুত মাস্ক পরে দ্রুত বেরিয়ে যান।
ফেসবুক পোস্টে আরও বলা হয়, ‘ভদ্রলোক সুস্থ ও স্বাভাবিক দেখাচ্ছিলেন। কিছুটা চকচকে ছিলেন।’
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তার কোনো স্পষ্ট অবস্থান, বক্তব্য বা উপস্থিতি প্রকাশ্যে আসেনি। অনেক নেতার ভিডিও বার্তা, ফোনালাপ বা বিদেশে অবস্থানের ছবি প্রকাশ পেলেও ওবায়দুল কাদের ছিলেন নীরব।
এর আগেও শোনা গেছে, তিনি গত বছরের নভেম্বরে শিলং হয়ে কলকাতায় প্রবেশ করেছেন। তবে এসব ছিল অনুমাননির্ভর গুঞ্জন। এবার একজন প্রত্যক্ষদর্শীর দাবির ভিত্তিতে নতুন করে আলোচনায় এলেন এক সময়ের ক্ষমতাধর এই রাজনৈতিক নেতা।
কলকাতার এই সংক্ষিপ্ত উপস্থিতি এবং তার সুস্থতা ঘিরে এখন নতুন করে প্রশ্ন উঠেছে-তিনি কি চিকিৎসা নিতে এসেছেন, না কি অন্য কোনো উদ্দেশ্যে?
স্বদেশ প্রতিদিন/এমএম