প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৯:৩১ পিএম আপডেট: ০৬.০৪.২০২৫ ৯:৪৫ PM

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে প্রাণ ফিরতে শুরু করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)। পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ উদযাপন শেষে প্রিয় ক্যাম্পাসে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের আড্ডার কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে জোড়ালোভাবে। ফার্স্ট (পশ্চিম) গেইট, সেকেন্ড (পূর্ব) গেইট, রুপালী ব্যাংক (দক্ষিণ) গেইট, বকুল তলা চত্ত্বর, মুক্ত বাংলা চত্ত্বর, লালকমল লেক, নীলকমল লেকের পাড় হয়ে উঠেছে প্রাণউচ্ছল। এছাড়াও টিএসসি মোড়, তাপসী রাবেয়া হলের সামনে, শহীদ জিয়া হলের সামনে, একেরামত আলী হল ও বিজয় ২৪ হলের সামনে, সৃজনী বিদ্যানিকেতন এলাকা, শহীদ মিনারের পাদদেশসহ বিভিন্ন স্পটগুলোতে দেখা যায় প্রাণের সঞ্চার।
রবিবার (৬ এপ্রিল) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তর ও বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি অফিস কার্যক্রম, অফিসের কর্মপরিবেশ, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির খোঁজ-খবর নেন।
এসময়, সেখানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র উপপরিচালক মোঃ মাহফুজুর রহমান সবুজ এবং উপরেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম।
উল্লেখ্য, স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ছুটি শুরুর আগে ও পরের শুক্র ও শনিবারসহ মোট ছুটি ছিল ১৪ দিন। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকলেও চালু ছিল জরুরি পরিষেবা।
স্বদেশ প্রতিদিন/আইজেপি