প্রকাশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ৮:৫৪ AM

টানা ৪১ দিন মসজিদে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পুরস্কার পেল নোয়াখালীর সেনবাগ উপজেলার ১০ জন শিশু-কিশোর। তাদের প্রত্যেককে পুরস্কার হিসেবে একটি করে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া ৪৯ জনকে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।
মঙ্গলবার (১ এপ্রিল ) রাতে উপজেলার নবীপুর ইউনিয়নের বায়তুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে নবীপুর ছাত্রকল্যাণ সংস্থার উদ্যোগে এসব পুরস্কার দেওয়া হয়।
প্রতিযোগিতায় সাড়া দিয়ে প্রথম দিকে অন্তত ৫৯ জন শিশু-কিশোর নামাজ আদায় শুরু করলেও চূড়ান্ত পর্যায় পর্যন্ত ১০ জন শিশু-কিশোর টিকে থেকে বিজয়ী হয়েছে। ঈদে পুরস্কার ও সাইকেল উপহার পেয়ে উল্লসিত শিশু-কিশোররা।
পুরস্কারপ্রাপ্ত শিশু সাজ্জাদ হোসেন ও মো. রেদওয়ান বলেন, আমরা পুরস্কারের জন্য নামাজ আদায় করিনি। আমরা নিজেদের জন্য নামাজ পড়েছি। তবে ঈদে দারুণ উপহার পেয়ে আমরা উল্লসিত। তাছাড়া সাইকেলটি পেয়ে আমাদের প্রতিদিন মাদরাসা যাওয়া-আসার সুবিধা হবে। আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেনবলেন, সমাজে যখন অপরাধপ্রবণতা বাড়ছে, সেই সময়ে কিশোররা যদি মসজিদমুখী ও চরিত্রবান হয়, তাহলে সৎ ও ভালো মানুষ যেমন তৈরি হবে, তেমনি মা-বাবাও সন্তানের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হতে পারবেন। এমন আয়োজন আমাদের সমাজে কিশোর গ্যাং মুক্ত করবে এবং শিশু কিশোরদের নামাজের বিষয়ে উদ্বুদ্ধ করবে।
মো. জাকির হোসাইন ও আমজাত হোসেন আজিমের সঞ্চালনায় এ সময় বায়তুস সালাম জামে মসজিদের সভাপতি মাওলানা মো. মোহাম্মদ ইলিয়াস, তাজুল ইসলাম মডেল একাডেমির প্রধান শিক্ষক খাইরুল্লাহ আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এনআর