প্রকাশ: রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ১২:৩৫ পিএম

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১৬ গ্রামের মুসল্লিরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। রবিবার (৩০ মার্চ) সকালে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া মাস্টারবাড়ি জামে মসজিদসহ পৃথক চার স্থানে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে এ নামাজে পুরুষের পাশাপাশি নারীরাও জামাতে অংশগ্রহণ করেন।
উপজেলার বলারদিয়ার, মুলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুটিয়ারপাড়, বগারপাড়, উচ্চগ্রাম, চর লোটাবর ও করগ্রাম গ্রামের প্রায় চার শতাধিক মুসল্লি এ নামাজে অংশগ্রহণ করেন।
এতে বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন মাস্টার ঈদুল ফিতরের নামাজে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।
নামাজ আদায় করতে আসা মুসল্লিরা জানান, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সারা দেশে সোমবার (৩১ মার্চ) মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালন হবে। কিন্তু সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মাস্টারবাড়ি জামে মসজিদ মাঠে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ১৬ গ্রামের প্রায় ৪ শতাধিক মুসল্লি ঈদুল ফিতর উদযাপন করে। তারই ধারাবাহিকতায় রবিবার (৩০ মার্চ) সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
স্বদেশ প্রতিদিন/এনআর