প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৮:০৪ পিএম

মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়া মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ লেবার পার্টির প্রচার সম্পাদক মো. মনির হোসেন খান কর্তৃক এক শোকবার্তায় লেবার পার্টির নেতৃদ্বয় বলেন, চিকিৎসাধীন অবস্থায় শিশু আছিয়ার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তার মৃত্যু আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের চেহারা পরিষ্কার করে দিয়েছে।
নেতৃবৃন্দ বলেন, আমরা প্রত্যাশা করি যে, শিশু আছিয়ার ধর্ষণের বিচারের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে ধর্ষকদের শাস্তির এক দৃষ্টান্ত স্থাপন হোক। কেননা, দেশে দীর্ঘদিন ধরে বিচারহীনতা, বিচারে রাজনৈতিক হস্তক্ষেপ এবং দীর্ঘসূত্রতা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, শিশু আছিয়ার ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে সেই বিচারব্যবস্থা আবার জেগে উঠুক। ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার না হলে আছিয়াদের মৃত্যু থামবে না। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও বেশি কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।
লেবার পার্টি নেতৃদ্বয় শিশু আছিয়ার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
স্বদেশ প্রতিদিন/এনআর