প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০৯ পিএম

টাঙ্গাইলের মধুপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল-মধুপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার গোলাবাড়ী ব্রিজের কাছে এই ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালকের নাম গফুর মিয়া (৫০), তিনি মধুপুর উপজেলার মাঝিরা এলাকার সুরকা সর্দারের ছেলে। আহতদের মধ্যে এখনও পর্যন্ত পরিচয় জানা যায়নি, তবে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গফুর মিয়া তার অটোরিকশা নিয়ে মধুপুর থেকে ধনবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে গোলাবাড়ী ব্রিজের কাছে পৌঁছালে মধুপুরগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা ও ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, যার ফলে ৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে চিকিৎসকরা অটোরিকশা চালক গফুর মিয়াকে মৃত ঘোষণা করেন।
মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ পরিবারের সদস্যরা হাসপাতালে থেকে নিয়ে গেছেন এবং আহতরা চিকিৎসা নিচ্ছেন। তিনি আরও বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বদেশ প্রতিদিন/এমআর