প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:০৮ পিএম

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, সেনাবাহিনী প্রধান কোনো কথাই বুঝে না বুঝে বলেননি। তিনি একাধিক বিষয়ে স্পষ্ট এবং সোজাসুজি মন্তব্য করতে অভ্যস্ত।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে বেক্সিমকো ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম এবং ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান সতর্ক করে বলেন, যদি আমরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, মারামারি এবং কাটাকাটি করি, তবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। তিনি আরও বলেন, "এটি আমাদের সবার দেশ, আমরা সবাই সুখে এবং শান্তিতে থাকতে চাই, হানাহানি এবং মারামারি চাই না।"
এ প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, সেনাবাহিনীর প্রধান তার বাহিনী পরিচালনা করেন এবং তিনি কখনও কোনো কথা না বুঝে বলেন না। তিনি বলেন, "যে কথা তিনি বলেন, তা সোজাসুজি বলার মতো একজন মানুষ। আমি উনাকে খুবই সম্মান করি।"
সেনাপ্রধানের বক্তব্যের ব্যাখ্যা সম্পর্কে সাখাওয়াত হোসেন বলেন, "উনি যা বলেছেন, সেটা ব্যাখ্যা আমি দেব না, সেটা উনি নিজেই দিতে পারবেন।"
একই সঙ্গে তিনি জানান, প্রধান উপদেষ্টাকে যেভাবে সম্বোধন করা হয়েছে, সে বিষয়ে আরও বিস্তারিত জানতে সাংবাদিকদের উনার কাছে প্রশ্ন করার পরামর্শ দেন।
স্বদেশ প্রতিদিন/এমআর