প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০৪ পিএম আপডেট: ২৫.০২.২০২৫ ৫:০৬ PM

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের মহিপুর মৌজায় অগভীর নলকূপের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে নিয়মবহির্ভূত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক মাইকেল হেমরম।
তিনি জানান, তার পূর্বে ২০১৯ সালে সেচ কমিটির মাধ্যমে ৫৮৪ দাগের জমিতে সেচ কার্যক্রমের জন্য লাইসেন্স পেয়েছিলেন তবে সম্প্রতি প্রতিবেশী শ্রী ধীরেন মুর্মুকে একই এলাকার মধ্যে অগভীর নলকূপ স্থাপনের জন্য লাইসেন্স দেওয়া হয়েছে যা পানি সেচ প্রকল্প আইনের পরিপন্থি বলে তিনি দাবি করেছেন।
২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার মহিপুর নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে মাইকেল হেমরম জানান, তার জমিতে সেচ কাজের জন্য লাইসেন্স নেওয়ার পর তাদের স্কীমের মধ্যে ২৭০ ফিট দূরত্বে অন্য একজনকে লাইসেন্স দেওয়ার বিষয়টি বেআইনি এবং বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের ২০১৯ সালের ২৫ মে জারি করা সেচ সংক্রান্ত প্রজ্ঞাপনের বিরুদ্ধেও। ওই প্রজ্ঞাপনে অগভীর নলকূপের জন্য দূরত্ব অন্তত ১২১০ ফিট থাকতে হবে।
এদিকে ধীরেন মুর্মুর ছেলে পবিত্র মুর্মু জানান, তারা নিজেদের জমির জন্য লাইসেন্স নিয়ে সেচ কার্য পরিচালনা করছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবং উপজেলা সেচ কমিটির সভাপতি মো. বেলায়েত হোসেন জানান, সেচ সংক্রান্ত বেশ কিছু অভিযোগের তদন্ত রির্পোট ইতোমধ্যে পাওয়া গেছে। সেগুলি আইন এবং বিধির আলোকে পরবর্তী সেচ কমিটির সভায় পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বদেশ প্রতিদিন/এমআর