প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৮ পিএম আপডেট: ২৫.০২.২০২৫ ১:৪২ PM

ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা বাংলাদেশে চালু করার মূল কারণ হল অনলাইন শাটডাউন চিরতরে বন্ধ করা। এটি নিশ্চিত করবে যে ভবিষ্যতে কোনো সরকারই সম্পূর্ণভাবে ইন্টারনেট বন্ধ করতে পারবে না। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শফিকুল আলম তার পোস্টে উল্লেখ করেন, “অনলাইন শাটডাউন চিরতরে বন্ধ করার জন্যই ইলন মাস্কের স্টারলিংক বাংলাদেশে আমন্ত্রণ জানানো এবং চালু করা হয়েছে।” তিনি বলেন, "শেখ হাসিনার একনায়কতন্ত্র শাসনকালে বহুবার ইন্টারনেট বন্ধ করা হয়েছে, যা স্বৈরশাসকদের একটি প্রিয় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছিল। এই প্রক্রিয়ায় হাজার হাজার ফ্রিল্যান্সার ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকেই তাদের চাকরি এবং চুক্তি হারিয়েছেন।"
স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবার আগমন বাংলাদেশের জন্য একটি নতুন আশার সংকেত, কারণ এটি ভবিষ্যতে বিপিও প্রতিষ্ঠান, কল সেন্টার এবং ফ্রিল্যান্সারদের জন্য ইন্টারনেট শাটডাউন থেকে সুরক্ষা নিশ্চিত করবে।
এছাড়া ১৩ ফেব্রুয়ারি ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং টেসলা ও স্পেসএক্সের মালিক ইলন মাস্ক বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর বিষয়ে আলোচনা করেন। তাদের আলোচনা ভবিষ্যতে সেবা চালু এবং সহযোগিতার সম্ভাব্য অগ্রগতির উপর কেন্দ্রিত ছিল।
স্বদেশ প্রতিদিন/এমআর