প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৩১ পিএম আপডেট: ১৮.০২.২০২৫ ৯:৩৭ PM

রমজানকে সামনে রেখে প্রতিবারের মতো এবারো বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের উদ্যোগে মুসলিম এইড অস্ট্রেলিয়া। এ কর্মসূচির আওতায় রাজধানীসহ দেশের ১০টি জেলার ৬০০০ অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে চাল, ডাল, তেল, চিনি এবং অন্যান্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বদেশ প্রপার্টিসের ব্যবস্থাপনা পরিচালক ড. এম এ কাইয়ুম। এসময় তিনি বলেন, সহযোগিতায় এই মানবিক উদ্যোগ দেশ ও সমাজের জন্য ভালো। এই উদ্যোগ সাফল্যমণ্ডিত হোক।
বিশেষ অতিথির বক্তব্যে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু খাদ্য সহায়তা নয়, মানবিকতার জয়গানও।

এসময় আরো উপস্থিত ছিলেন স্বদেশ প্রপার্টিসের ডিরেক্টর ইসফাক হোসাইন, চৌধুরী ফাহিম আহমেদ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নাজমুল হক।
ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের সিইও এনায়েত হোসেন জাকারিয়া সভাপতিত্বে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়, যা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনে রমজান মাসে কিছুটা প্রশান্তি বয়ে আনবে।
স্বদেশ প্রতিদিন/এমআর