প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫৯ AM

কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি তিতাস থানায় দায়ের করা বিস্ফোরক মামলার আসামি।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চন্দনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে মেঘনা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, "বিশেষ অভিযানে গ্রেফতার করে ইতিমধ্যে তাকে তিতাস থানায় হস্তান্তর করা হয়েছে।
তিতাস থানার ওসি মো. মামুনুর রশিদ বলেন, "তার বিরুদ্ধে বিস্ফোরক ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে এ থানায় মামলা হয়েছে। আর সে মামলায়ই তাকে গ্রেফতার করা হয়। আমরা তাকে মঙ্গলবার সকালে কোর্টে প্রেরণ করবো।
এদিকে নাসির উদ্দিনের গ্রেফতারে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এমআর