আ. লীগের নেতাদের বাড়িতে হামলার ঘটনায় সোহেল তাজের মন্তব্য
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৫ AM আপডেট: ০৮.০২.২০২৫ ৭:১০ PM

সম্প্রতি রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ এবং দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ হামলাগুলোকে আওয়ামী লীগের শাসনামলে ঘটে যাওয়া হত্যাকাণ্ড, গুম, খুন এবং নির্যাতনের পরিণতি হিসেবে উল্লেখ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
৭ ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন, "কী নির্মম পরিণতি ১৫ বছরের হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, লাখ লাখ কোটি টাকা পাচারের।" তিনি আরো বলেন, "জুলাই-অগাস্ট গণহত্যা করে আত্মোপলব্ধি বা অনুশোচনা না করে, হাজার হাজার মানুষকে পঙ্গু করে, শত শত মানুষকে অন্ধ করে ক্ষমা না চেয়ে আবার বিদেশে বসে আন্দোলনের ডাক দিলে এরকম পরিণতি হতে পারে।"
গত বুধবার, ৫ ফেব্রুয়ারি, ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা চালানো হয়। সেদিন রাত ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্রজনতা বাড়িটিতে প্রবেশ করে এবং ভাঙচুর শুরু করে। হামলাকারীরা শেখ মুজিবুর রহমানের ম্যুরালটিও ভেঙে ফেলে।
এ ঘটনায় পরদিন দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাদের বাড়িতেও হামলা ও ভাঙচুর ঘটে। হামলাগুলোকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করে এক বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার।
স্বদেশ প্রতিদিন/এমআর