
বিএনপির অন্যতম সংগঠণ জাতীয়তাবাদী যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান বলেছেন, পতিত আওয়ামী লীগের দোসরদের গভীর ষড়যন্ত্রে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। কোন অপপ্রচারেই দলের ইমেজ ক্ষুণ্ণ হবে না। বিএনপি এদেশের মানুষের হৃদয়ে খোদাই করা আছে। তাই আগামী নির্বাচনের মানুষের ভোটেই বিএনপি নির্বাচিত হবে। আর বিএনপি ক্ষমতায় এলেই দেশে মানুষ শান্তিতে থাকবে।
শনিবার (২৫ জানুয়ারি) পশ্চিম কাজীপাড়া ও দ: প: মনিপুর বাড়ীর মালিক কল্যান সমিতি এবং এলাকাবাসীর আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুন হাসান বলেন, বাংলাদেশ থেকে অন্যায় অবিচার দূর করতে চাইলে জনসাধারণকে খেয়াল রাখতে হবে। পরাজিত ফ্যাসিস্ট বাংলাদেশে যেন আর ক্ষমতায় আসতে না পারে। সেজন্য একটি সুষ্ঠু নির্বাচন যত তাড়াতাড়ি হবে; দেশের জন্য ততই মঙ্গল। এতে দেশের সংকট কেটে যাবে।
তিনি বলেন, গত ১৭ বছর সরকার বিরোধীমত হিসেবে বিএনপি নেতাকর্মীদের অমানষিক নির্যাতন করা হয়েছে। আমরা নিজের বাসাতেও থাকতে পারিনি। সরকারের বিরুদ্ধে আমরা ১৭ বছর ধরে বিভিন্ন আন্দোলন সংগ্রাম চালিয়ে এসেছি। এখন রাজনীতি করার সুযোগ এসেছে। কিন্তু মনে রাখতে হবে কোন নব্য বিএনপি তৈরি করা যাবে না। আত্মীয়-স্বজন যাইহোক নব্য বিএনপির জায়গা দলের ভিতরে হবে না। এজন্য সবাইকে সর্তক থাকতে হবে। কারণ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে কঠিন ও কঠোর নির্দেশ দিয়েছে।
সরকারের উদ্দেশ্যে সাবেক এই ছাত্রনেতা বলেন, যে যত কথাই বলুক না কেন আপনাদের কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচন দিয়ে একটি জনগণ সমর্থিত দলকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া। বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ধরে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে, সেই ভোট দিয়ে গ্রহণযোগ্যভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আপনাদের ক্ষমতায় থাকার সময়টা দীর্ঘায়িত করার কাজ না। আপনারা নিজেদেরকে যেভাবে সংজ্ঞায়িত করুন না কেন; বাংলাদেশের সাধারণ জনতা সেই দায়িত্ব ও ক্ষমতা আপনাদেরকে দেয়নি।
ঢাকা ১৫ আসনের মাটি ও মানুষের নেতা মামুন হাসান বলেন, কোন চাঁদাবাজি করা যাবে না। ব্যবসা করতে হবে। যারা চাদাবাজি করে দলের সুনাম নষ্ট করবে, তাদের কোন ছাড় হবেনা। তাদের বিরুদ্ধে আপনারা আমাদেরকে জানাবেন। সঠিক তথ্য দেবেন। আমরা তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো.আতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আহসান উল্লাহ চৌধুরী হাসান, মোহাম্মদ কবির হোসেন মিল্টন। এসময় উপস্থিত ছিলেন, আবুল কালাম আজাদ নাসির, আবু হানিফ,আরিফুর রহমান মৃধা, আতিকুর রহমান,নূরে আলম,খালেদা আক্তার,কামরুল খান,আববার হোসেন আকতার,নুর আলম ও মালিক সমিতির সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/এমআর