প্রকাশ: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ১০:১৩ পিএম আপডেট: ১৯.০১.২০২৫ ১১:৫৪ PM

জাতীয়তাবাদী যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের অবদান জাতি আজীবন স্মরণ করবে। জিয়াউর রহমান না এলে আমরা হয়ত স্বাধীন বাংলাদেশ পেতাম না। তাই দেশ ও জাতি তাকে কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করে। আধুনিক বাংলাদেশের স্থপতি জিয়াউর রহমান ছিলেন জাতির দিশারী ও আলোকবর্তিকা। জিয়াউর রহমান দেশপ্রেম ও সততার প্রতিশব্দ। দেশপ্রেম, সৎ সাহস, সততা আর দায়িত্বশীলতার মানদন্ডে তিনি ছিলেন অনন্য একজন।
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার বিকেলে রাজধানীর মণিপুরে ভাসমান দুস্থদের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময় নতুন কম্বল পেয়ে অনেকে আনন্দ প্রকাশ করেন। শীতে কাতর মানুষেরা আনন্দ প্রকাশ করে জিয়াউর রহমানের জন্য দোয়া করেন।
মামুন হাসান আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করলে আমরা হয়তো এ স্বাধীনতা পেতাম না। গার্মেন্টস ও কৃষি বিপ্লবে তার অসামান্য অবদান। তিনি আওয়ামী লীগ ছাড়াও সমস্ত ছোট ছোট দলকে রাজনীতি করার সুযোগ করে দেন; তাকে বলা হয় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। বিসমিল্লাহির রহমানির রাহিম তিনিই সংবিধানে অর্ন্তভুক্ত করেছিলেন। এসব কারণে শহীদ জিয়াউর রহমানের অবদান জাতি আজীবন স্মরণ করবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা ঘোষণা করেন। এই ৩১ দফা ছিল আওয়ামী ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের ভিত্তি। বিএনপি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করবে।এই ৩১ দফা বাস্তবায়ন হলে এ দেশের মানুষ তাদের অধিকার ও গণতন্ত্র ফিরে পাবে।
ঢাকা-১৫ আসনের মাটি ও মানুষের নেতা মামুন হাসান বলেন, ঢাকা ১৫ আসনের প্রতিটি মানুষ আমার স্পন্দন। তাদের যেকোন বিপদে-আপদে পাশে ছিলাম। পাশে আছি । পাশে থাকবো। প্রতিটি মানুষের সেবা করাই আমার রাজনীতির উদ্দেশ্যে। তাই আপনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মতে, সুস্থধারার রাজনীতির সাথে থাকুন। পতিত আওয়ামী দোসরদের ফাঁদে পড়বেন না।
স্বদেশ প্রতিদিন/এমআর