
দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ এবং দেশের সমবায় খাতে ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত সমবায় সমিতি হিসেবে পরিচিত বান্দরবানের লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৩২তম বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকাল ৯টা থেকে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। এতে সমিতির প্রায় চার হাজার নারী-পুরুষ সদস্য অংশগ্রহণ করেন।
মৌচাকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম. জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মাস্টার আব্দুর শুক্কুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং মৌচাক লিমিটেডের শরিয়াহ কমিটির সভাপতি জনাব আ.ক.ম. আবদুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ ইয়াকুব আলী, কালব লিমিটেডের সাবেক পরিচালক জনাব মো. আবদুস ছাত্তার ভূঁইয়া, জনাব নুর মোহাম্মদ ও জনাব মো. শফিউল আলম এবং কালব লিমিটেডের সাবেক ডিজিএম ও ইনোভা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. ফিরোজ আলম।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌচাকের সাবেক সভাপতি ও ইসলামী শরিয়াহ বোর্ডের সদস্যসচিব মোহাম্মদ ইয়াহিয়া, শরিয়াহ বোর্ডের সদস্য মাওলানা মোহাম্মদ আজিজুল হক, সাবেক সভাপতি ডা. মো. জাহাঙ্গীর আলম, মৌচাকের সেক্রেটারি মাস্টার হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিষদের সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
বার্ষিক সাধারণ সভায় বিভিন্ন প্রতিবেদন ও বাজেট অনুমোদন
সাধারণ সভার শুরুতে উপস্থিত সদস্যদের স্বাক্ষর গ্রহণ, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, অতিথিদের আসন গ্রহণ, ধর্মীয় গ্রন্থ পাঠ এবং সভাপতির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সভায় বিগত সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। পরে ব্যবস্থাপনা পরিষদ, ঋণদান, পর্যবেক্ষণ ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন সেক্রেটারি মাস্টার হাবিবুর রহমান।
এ সময় ২০২৫-২০২৬ অর্থবছরের নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব, লভ্যাংশ বণ্টনের প্রস্তাব, ২০২৫-২০২৬ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়।
সভায় মৌচাক এগ্রো সার্ভিস ও মৌচাক পরিবহন ব্যবসায় বিনিয়োগসহ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
১২ সদস্য নিয়ে যাত্রা, বর্তমানে সদস্য প্রায় ১৭ হাজার
মৌচাক সূত্রে জানা গেছে, ১৯৯২ সালের ১ জুলাই মাত্র ১২ জন সদস্য নিয়ে লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের যাত্রা শুরু হয়। দীর্ঘ পথপরিক্রমায় প্রতিষ্ঠানটির সাধারণ ও শিশু সদস্যের সংখ্যা বর্তমানে প্রায় ১৭ হাজারে পৌঁছেছে। প্রতিষ্ঠানটির বর্তমান মূলধন প্রায় ৭৪ কোটি টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রতিষ্ঠানটি সমবায়ভিত্তিক আর্থিক কার্যক্রমের পাশাপাশি সদস্যদের জীবনমান উন্নয়ন ও নতুন বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।
নির্বাচনে নতুন নেতৃত্ব
লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা পরিষদ নির্বাচনে সভাপতি পদে মাস্টার হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নুরুজ্জামান এবং ভাইস চেয়ারম্যান পদে সুলতান মাহমুদ নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম, মো. আব্দুর রহিম ও গোলাম সরোয়ার। নবনির্বাচিত কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে। নির্বাচন শেষে মৌচাকের বিদায়ী কমিটির সদস্যরা ফুল দিয়ে নতুন কমিটিকে বরণ করে নেন।
সদস্যদের জীবনমান উন্নয়নে কাজ করার প্রত্যয়
মৌচাকের প্রতিষ্ঠাতা ও সিইও এম. জয়নাল আবেদীন বলেন, ‘টেকসই ক্রেডিট ইউনিয়ন’ গড়ে তোলার স্বপ্ন নিয়ে সদস্যদের জীবনমান উন্নয়নে গুণগত সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে মৌচাকের যাত্রা শুরু হয়েছিল।
তিনি বলেন, মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বর্তমান সাফল্যের পেছনে প্রতিষ্ঠানের সাধারণ সদস্য, পরিচালনা কমিটি এবং কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত অবদান রয়েছে। ভবিষ্যতেও নতুন নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে মৌচাককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সদস্যদের অংশগ্রহণে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে ১৫০ জন ভাগ্যবান বিজয়ী বিভিন্ন পুরস্কার লাভ করেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ