প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৯:১৩ পিএম

মোংলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত মো. আব্দুর রহিম (৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টায় মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, সম্প্রতি ২০২৪ সালের মাদক মামলায় আদালত থেকে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে মোংলা থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আব্দুর রহিম মোংলা পৌর শহরের মাদ্রাসা রোড এলাকার মৃত মজিবুল হকের ছেলে। রহিম তালিকাভুক্ত মাদক কারবারি—এমন অভিযোগ রয়েছে। এর আগে গত ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর বুধবার রাতে পৌর শহরের শামসুর রহমান সড়কের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করেছিল মোংলা থানা পুলিশ। ওই সময় তাঁর ঘর তল্লাশি করে বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়। মাদক মামলায় অভিযুক্ত আব্দুর রহিমের বিরুদ্ধে এর আগেও একাধিকবার মাদক বিক্রির অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার রেকর্ড রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, রহিম বিদেশি মদ, হুইস্কি, বিয়ার, ইয়াবাসহ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মাদক বিক্রি করেন বলে মোংলায় একজন আলোচিত মাদক কারবারি হিসেবে পরিচিত। মোংলার অনেক তরুণ ও যুবকের কাছে রহিম প্রকাশ্যে মাদক বিক্রি করেন—এমন অভিযোগ রয়েছে তাঁর নামে।
আইনি প্রক্রিয়া শেষে তাঁকে শনিবার আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার রেফাতুল ইসলাম।
স্বদেশ প্রতিদিন/এফএইচ