প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৯:০০ পিএম

বরিশাল নগরীতে ২৩৫ পিস ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও তাঁর স্ত্রী গ্রেপ্তার।
বরিশালে ২৩৫ পিস ইয়াবাসহ সাবেক সেনাসদস্য মোহাম্মদ বেলাল হোসেন রাতুল ও তাঁর স্ত্রী লামিয়া আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর বগুড়া রোডে সালাম সাইকেল স্টোরের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার রাতুল বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর গ্রামের মো. মোনসেফ আলী হাওলাদারের ছেলে।
পুলিশের দাবি, বিভিন্ন অপরাধে চাকরিচ্যুত সাবেক সেনাসদস্য রাতুল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর বগুড়া রোডে সালাম সাইকেল স্টোরের সামনে পরিদর্শক লুৎফর রহমানের নেতৃত্বে কোতোয়ালি মডেল থানা-পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে ২৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরিদর্শক লুৎফর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে। এ ছাড়া বিএমপির বিভিন্ন থানায় তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ