মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● দিনে হাজারো গ্রেপ্তার, তবু থামছে না অপরাধ      ● আবার কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৮ হাজার টাকা      ● মির্জাপুরে সাপে কাটা নারীর মৃত্যু, অ্যান্টিভেনম না দেওয়ার অভিযোগ ছেলের      ● চকবাজারে আগুনে পুড়েছে কোটি টাকার মালামাল, সর্বস্ব হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা      ● সৌদিতে ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ বাংলাদেশ দূতাবাসের      ● কাঁচা ডিম খাওয়ার অভ্যাস কতটা নিরাপদ?      ● ডি মারিয়ার নৈপুণ্যে রোসারিওর দুর্দান্ত জয়      ● আবুধাবি টেস্টে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ      ● নতুন গল্পে ফিরছে ‘দ্য ডার্টি পিকচার’, নায়িকা কে?      ● ত্রয়োদশ প্রদর্শনীতে মঞ্চস্থ ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৪২১      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৪২১      
দিনে হাজারো গ্রেপ্তার, তবু থামছে না অপরাধ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১১:২২ AM

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

অপরাধ দমনে নিয়মিত ও বিশেষ অভিযান চালিয়ে প্রতিদিনই সহস্রাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব অভিযানে উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র, গুলি, মাদক ও দেশীয় অস্ত্র। শুধু রাজধানীতেই গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ৪৬৫ জনকে, মামলা হয়েছে ৪২টি। এত গ্রেপ্তার ও অভিযানের পরও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হত্যা, ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার ও কিশোর গ্যাংয়ের অপরাধ অব্যাহত রয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রশ্ন উঠেছে, অভিযান ও গ্রেপ্তার বাড়লেও অপরাধ নিয়ন্ত্রণে তার প্রভাব কতটা পড়ছে।

অপরাধ বিশ্লেষকদের মতে, গ্রেপ্তার অপরাধ নিয়ন্ত্রণের প্রাথমিক ধাপ মাত্র। এর পর সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার ও অপরাধ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। এসব ক্ষেত্রে ঘাটতি থাকলে অপরাধীরা আইনের ফাঁক গলে বেরিয়ে আবারও অপরাধে জড়াতে পারে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হিসাব অনুযায়ী, গত ১ থেকে ১১ অক্টোবর পর্যন্ত ১১ দিনে রাজধানীতে বিভিন্ন অভিযোগে ৫ হাজার ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৫৮০টি। এ হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ৪৫৫ জন গ্রেপ্তার হয়েছেন।

পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১ মে থেকে ২৬ আগস্ট পর্যন্ত ১১৮ দিনে বিশেষ অভিযান ও অন্যান্য মামলায় মোট ১ লাখ ৯৫ হাজার ১৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে ৪৩৮টি আগ্নেয়াস্ত্র ও ৪ হাজার ৭২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তবে অভিযান ও গ্রেপ্তারের মধ্যেও অপরাধের চিত্র উদ্বেগজনক। চলতি বছরের সেপ্টেম্বরে আগস্টের তুলনায় কয়েকটি শ্রেণিতে অপরাধ বেড়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো হত্যা।

সেপ্টেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, সারা দেশে হত্যার ঘটনায় ২৯৭টি মামলা হয়েছে। সবচেয়ে বেশি মামলা হয়েছে চট্টগ্রাম রেঞ্জে, ৫৭টি। দ্বিতীয় অবস্থানে ঢাকা রেঞ্জে ৫৩টি। মহানগর এলাকাগুলোর মধ্যে ঢাকা মহানগরে হত্যার ঘটনায় মামলা হয়েছে ৩১টি। এর আগে আগস্টে সারা দেশে হত্যার ঘটনায় মামলা হয়েছিল ২৮৬টি। ওই মাসে সবচেয়ে বেশি মামলা হয়েছিল ঢাকা রেঞ্জে, ৮৬টি।

একের পর এক হত্যাকাণ্ড

কুমিল্লায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত ৭ অক্টোবর রাতে কুমিল্লা নগরের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার নূরজাহান হোটেলের সামনে থেকে বাড়ি ফেরার জন্য সিএনজিচালিত অটোরিকশায় ওঠে ১৫ বছর বয়সী সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন। পরদিন সকালে লালমাই উপজেলার জগৎপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অটোরিকশাচালক সুমন মিয়াকে ৯ অক্টোবর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। ১০ অক্টোবর পুলিশের সংবাদ সম্মেলনে জানানো হয়, তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। ওই দিন আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন আসামি।

রাজধানীর কাফরুলে রাকিবুল ইসলাম (১৭) নামের এক তরুণকে অপহরণের পর হত্যার ঘটনাও আলোচনায় এসেছে। পুলিশ জানায়, হত্যার পর মরদেহ কার্টনে ভরে নীলফামারীর ডিমলায় নিয়ে মাটিচাপা দেওয়া হয়। এ ঘটনায় আব্দুল্লাহ আল মামুন ওরফে মামুন সরকারকে (২৪) শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর রাকিবুলকে অপহরণ করে হত্যা করা হয়। এরপর মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। গত ৭ অক্টোবর ডিএমপি মরদেহ উদ্ধার ও আসামি গ্রেপ্তারের তথ্য জানায়।

খুলনার রূপসা উপজেলায় ছেলে জয় ঢালীকে কুপিয়ে ও গলা কেটে হত্যার দেড় মাস পর তাঁর বাবা আক্তার ঢালীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গত ৫ অক্টোবর সন্ধ্যায় উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে এ ঘটনা ঘটে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত খুলনা জেলায় ৩৩টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে সাতটি হত্যাকাণ্ডে গুলি ব্যবহারের ঘটনা রয়েছে।

চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ

রাজধানীতে চাঁদাবাজি ও জমি দখলকে কেন্দ্র করেও একের পর এক ঘটনার খবর আসছে। গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে মিরপুরের বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচএফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ ওঠে কয়েকশ মানুষের বিরুদ্ধে। এর দুই দিন পর, ২৬ সেপ্টেম্বর রাতে ইসিবি চত্বর-সংলগ্ন নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুলির অভিযোগ ওঠে। এতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যায়।

একই দিন সকালে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং এলাকায় প্রায় ৩৫ কাঠা জমি দখলের চেষ্টা, বেড়া ভাঙচুর ও অফিসে হামলার অভিযোগ ওঠে। আদাবরের শ্যামলী হাউজিং এলাকাতেও দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় জমির মালিকানা বিরোধের আড়ালে সংঘবদ্ধভাবে জমি দখলের চেষ্টা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এসব ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে। গত ৬ অক্টোবর ডিএমপি জানায়, এর আগের চার দিনে ৪১ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে রাজধানীর গুলশান আবাসিক এলাকার বর্জ্য অপসারণের কাজ পাওয়াকে কেন্দ্র করে প্রতি মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে খিলক্ষেত থানার আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

নিরাপত্তাহীনতায় পুলিশ সদস্যরাও

আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। খুলনা জেলা পুলিশ রাতে সদস্যদের একা চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। বিশেষ অভিযানসহ দাপ্তরিক দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিট ইনচার্জদের নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৯ অক্টোবর রাতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপার স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, গত বৃহস্পতিবার গভীর রাতে রূপসা থানায় বিশেষ অভিযান শেষে ফেরার পথে এক পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। ওই সময় তিনি সাদা পোশাকে ছিলেন। ঘটনার পর জেলা পুলিশের সদস্যদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে রাতে একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

‘শুধু গ্রেপ্তার অপরাধ নিয়ন্ত্রণে যথেষ্ট নয়’

সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তৌহিদুল হক মনে করেন, শুধু গ্রেপ্তার করে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। তিনি কালবেলাকে বলেন, বিভিন্ন ঘটনার পর অভিযুক্তদের একটি অংশ গ্রেপ্তার হলেও গ্রেপ্তার মানেই বিচার নয়। এটি বিচারের প্রাথমিক ধাপ। অপরাধ নিয়ন্ত্রণে নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।

তাঁর মতে, বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার সুযোগে আসামিরা আইনের ফাঁক গলে বেরিয়ে এসে একই ধরনের অপরাধে জড়াতে পারে। তাই শুধু গ্রেপ্তারের মাধ্যমে সাময়িক স্বস্তি তৈরি হলেও অপরাধ নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি কার্যকর ফল পেতে দ্রুত বিচার নিশ্চিত করা প্রয়োজন।

অন্যদিকে, পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে চট্টগ্রাম রেঞ্জে সবচেয়ে বেশি হত্যার মামলা হয়েছে। তবে অপরাধ দমন ও প্রতিরোধে নিয়মিত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।

তিনি কালবেলাকে বলেন, অপরাধের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধেও পদক্ষেপ নেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে প্রায় ১০ হাজার কিশোর গ্যাং সদস্য আটক হয়েছে এবং মাদকসংক্রান্ত গ্রেপ্তার প্রায় চার গুণ বেড়েছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি নিয়মিত বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে বলেও জানান তিনি।

অভিযান ও গ্রেপ্তারের পরও অপরাধ অব্যাহত থাকায় অপরাধ প্রতিরোধের কার্যকারিতা, তদন্তের মান এবং বিচারপ্রক্রিয়ার গতি নিয়ে প্রশ্ন উঠছে। অপরাধ নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি ফল পেতে গ্রেপ্তারের পাশাপাশি সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার ও প্রতিরোধমূলক ব্যবস্থার সমন্বয় কতটা নিশ্চিত করা যাচ্ছে, তা এখন গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  আইনশৃঙ্খলা পরিস্থিতি   অপরাধ   গ্রেপ্তার   হত্যা   ছিনতাই   চাঁদাবাজি   জমি দখল   কিশোর গ্যাং   ডিএমপি   পুলিশ অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close