প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৩:৪৯ পিএম

সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে ট্রাকের ধাক্কায় শামীমা নাসরিন নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী আব্দুল মজিদ। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
নিহত শামীমা নাসরিন ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের শিক্ষক ছিলেন। তিনি বৈকারী গ্রামের মো. জালালউদ্দীনের মেয়ে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, স্বামী আব্দুল মজিদের মোটরসাইকেলে করে বাবার বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিলেন শামীমা। পথে মোল্যা বাড়ির মোড় এলাকায় মোটরসাইকেলটি বাঁ দিকে ঘোরানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান শামীমা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুল মজিদকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরার একটি ক্লিনিকে ভর্তি করেন।
এসআই শরিফুল ইসলাম আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে বৈকারী ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি