প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৪:৪০ পিএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন প্রক্রিয়া ও স্কলারশিপ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও তথ্য সহায়তা দেওয়ার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।
বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ‘এক্সপ্লোরিং ইউএসএ হায়ার এডুকেশন অপরচুনিটিস’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর এবং ঢাকার ইউএসএ অ্যাম্বাসির যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে সহযোগিতা করে জাস্ট ক্যারিয়ার ক্লাব।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, ‘বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে যে যত বেশি তথ্যে সমৃদ্ধ, সে নিজেকে তত ভালোভাবে তৈরি করতে পারবে। তথ্য জানার আগ্রহ এবং আত্মপ্রেরণাই উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য এনে দিতে পারে।’
তিনি আরও বলেন, ‘বিদেশ থেকে উচ্চশিক্ষা ও গবেষণাভিত্তিক জ্ঞান অর্জন শেষে আমাদের আবার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে হবে। কারণ দেশের সাধারণ মানুষের অর্থেই আমরা পড়াশোনা করছি। অর্জিত জ্ঞান দেশের উন্নয়নে কাজে লাগানোর মাধ্যমেই কেবল দেশের প্রতি সঠিক দায়িত্ব পালন করা সম্ভব।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, ‘জীবনের পথচলায় শিক্ষক কিংবা শিক্ষার্থী—সবারই নিজ নিজ জায়গা থেকে আলাদা সংগ্রাম ও সীমাবদ্ধতা থাকে। মানুষ হিসেবে আমাদের যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে। জয়ীদের গল্পের আড়ালে বিজিতদের যে কঠিন সংগ্রাম থাকে, সেই পরাজিত হওয়ার অভিজ্ঞতা ও দুর্বলতাগুলোকে শক্তিতে রূপান্তর করতে পারলেই চূড়ান্ত সাফল্য অর্জন সম্ভব।’
সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার ইউএসএ অ্যাম্বাসির শিক্ষাবিষয়ক উপদেষ্টা রিফাত স্বপ্নীল ও সায়নান রহমান। বক্তারা যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে আবেদনের বিভিন্ন ধাপ তুলে ধরেন। তারা স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) প্রস্তুত, রিকমেন্ডেশন লেটার সংগ্রহ, গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন (জিআরই), টোফেল বা আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি এবং অধ্যাপকদের সঙ্গে যোগাযোগের সঠিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফতেখার মাহমুদ লাবিব ও নাবিলা ইয়াসমিন ইশা।
স্বদেশ প্রতিদিন/এস পি