প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১১ পিএম

রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা অব্যাহত রাখলে ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের সুযোগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের। মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে এ-সংক্রান্ত একটি বিল পাস হওয়ার পর রুশ তেল আমদানির বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নয়াদিল্লি।
বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান অঙ্গীকারগুলোর একটি। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ও সরবরাহব্যবস্থা বিবেচনায় নিয়ে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন উৎস থেকে অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানি সম্পদ আমদানি চালিয়ে যাবে ভারত।
মার্কিন আইনসভায় বিলটি পাস হওয়ার বিষয়টি ভারত পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে। বিলটি পাসের আগেই এর সম্ভাব্য প্রভাব নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা হয়েছে। সেখানে নয়াদিল্লি জানিয়েছে, রাশিয়া থেকে তেল বা গ্যাস আমদানির ওপর যুক্তরাষ্ট্র শুল্ক বা নিষেধাজ্ঞা আরোপ করলে এর প্রভাব শুধু দ্বিপক্ষীয় সম্পর্কে সীমাবদ্ধ থাকবে না; বিশ্ব জ্বালানি বাজারেও অস্থিতিশীলতা তৈরি হতে পারে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, নতুন মার্কিন আইনের কারণে দেশটির রপ্তানি বাণিজ্য বা জ্বালানি আমদানিতে কোনো প্রভাব পড়লে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে দেশীয় বাণিজ্যের স্বার্থ সুরক্ষায় বাণিজ্য ও শিল্প খাতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে সরকার।
রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির মূল কারণ ইউক্রেন যুদ্ধ। ওয়াশিংটনের অভিযোগ, বিভিন্ন দেশে তেল বিক্রি থেকে পাওয়া অর্থ রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে ব্যবহার করছে। মস্কোর ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে রুশ তেল আমদানিকারক দেশগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মস্কো তুলনামূলক কম দামে অপরিশোধিত তেল বিক্রি শুরু করে। এরপর ভারত ও চীনসহ কয়েকটি দেশ রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করছে। বর্তমানে রুশ তেলের অন্যতম বড় ক্রেতা ভারত।
তেলবাহী জাহাজের চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত আগস্টে ভারত প্রতিদিন গড়ে প্রায় ২১ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রাশিয়া থেকে আমদানি করেছে। ওই মাসে ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৪৫ শতাংশ এসেছে রাশিয়া থেকে। সাম্প্রতিক দুই মাসের হিসাবে এই হার প্রায় ৫০ শতাংশে পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ