সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
পরীক্ষা ও রমজানের কারণে ভোটের সময়সূচি নিয়ে নতুন ভাবনা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৩ AM

নভেম্বরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার প্রাথমিক পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা, রমজান, ঈদুল ফিতর এবং এসএসসি ও সমমানের পরীক্ষার সময় বিবেচনায় এ বছরই ভোট আয়োজনের সম্ভাবনা কম বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এসব বিষয় বিবেচনায় আগামী বছরের মে মাসের আগে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনাও কম বলে সরকারসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশন আন্তমন্ত্রণালয় সভা ডেকেছে। সেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা নিজেদের মতামত এবং প্রস্তুতির অবস্থা তুলে ধরবেন। সবার মতামত পাওয়ার পর কখন নির্বাচন আয়োজন করা সম্ভব, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

এদিকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন সামনে রেখে আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রস্তুতিমূলক আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এ সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, স্বরাষ্ট্র, নৌপরিবহন, পররাষ্ট্র, অর্থ, তথ্য ও সম্প্রচার, স্থানীয় সরকার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থার কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

পরীক্ষার কারণে বাধা
২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি অনুযায়ী, বার্ষিক পরীক্ষা নভেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু হয়ে ডিসেম্বরের প্রথমার্ধে শেষ হওয়ার কথা। ফলে নভেম্বরের মাঝামাঝি সময়ে ভোট আয়োজন করা হলে নির্বাচনী প্রস্তুতি ও ভোটকেন্দ্র ব্যবহারের কারণে শিক্ষার্থীদের পরীক্ষা ও প্রস্তুতিতে প্রভাব পড়তে পারে—এমন বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, শুধু ভোটের দিন পরীক্ষার বাইরে রাখলেই হবে না। নির্বাচনের আগে প্রচার, প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং ভোটকেন্দ্র প্রস্তুতের সময়ও বিবেচনায় নিতে হবে। পরীক্ষার্থীদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এরপর আগামী বছরের ৮ ফেব্রুয়ারি রমজান শুরু এবং ১০ মার্চ ঈদুল ফিতর হওয়ার সম্ভাব্য সময় ধরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো প্রস্তুতি বিবেচনা করছে। রমজান ও ঈদের সময় নির্বাচন আয়োজনের বিষয়েও অনাগ্রহ রয়েছে সরকারসংশ্লিষ্টদের।

ঈদের পরপরই রয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত সময়সূচি অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ পরীক্ষা শুরু হয়ে ১৫ এপ্রিল শেষ হওয়ার কথা। ফলে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ও নির্বাচনের জন্য জটিল হতে পারে।

এসব বিষয় বিবেচনায় আগামী মে মাসের আগে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম বলে সরকারসংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে। তবে মে মাসেই নির্বাচন হবে—এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। আন্তমন্ত্রণালয় সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মতামত পাওয়ার পর সম্ভাব্য সময় সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।

ইসির প্রাথমিক পরিকল্পনায় সাত ধাপ
গত সোমবার নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানান। ইসির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে আগামী ১২ নভেম্বর ভোট আয়োজনের কথা রয়েছে।

দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর ভোটের সম্ভাব্য তারিখ রাখা হয়েছে। পরবর্তী ধাপগুলোর জন্য আগামী বছরের ১৭ জানুয়ারি, ৪ ফেব্রুয়ারি, ২২ এপ্রিল এবং ২৭ মে সম্ভাব্য তারিখ হিসেবে রাখা হয়েছিল।

তবে এই সম্ভাব্য সময়সূচি প্রকাশের পর সরকারের সঙ্গে আলোচনা না হওয়ার বিষয়টি সামনে আসে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঘোষিত তারিখগুলোর বিষয়ে সরকার বা স্থানীয় সরকার মন্ত্রণালয় আগে থেকে অবহিত ছিল না।

তিনি জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনের আগে সরকারের সঙ্গে আলোচনা করা হয়। নির্বাচন আয়োজনের প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বাজেটসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে ভোটের তারিখ নির্ধারণ করা হয়।

এরপর ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, আলোচিত তারিখগুলো একেবারেই প্রাথমিক। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামত নেওয়ার পর কমিশন সময়সূচি চূড়ান্ত করবে।

আজকের আন্তমন্ত্রণালয় সভায় কী হতে পারে
ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন ও পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। ভোটের তারিখও কমিশন নির্ধারণ করে। তবে নির্বাচন আয়োজনের জন্য প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা, বাজেট, ভোটকেন্দ্র ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তার বিষয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে সমন্বয় করতে হয়।

আজকের আন্তমন্ত্রণালয় সভায় এসব বিষয় নিয়েই আলোচনা হওয়ার কথা। বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা তাদের প্রস্তুতির অবস্থা তুলে ধরার পাশাপাশি নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময় নিয়েও মতামত দিতে পারে।

ভোট বিলম্বের আশঙ্কা জামায়াতের
এদিকে প্রশাসনিক ও অন্যান্য কারণ দেখিয়ে স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত করার পরিকল্পিত প্রবণতা তৈরি হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, অনির্বাচিত প্রশাসকদের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠান পরিচালনার মেয়াদ দীর্ঘায়িত হলে জনগণের ভোটাধিকার ও নির্বাচিত প্রতিনিধিত্ব আরও পিছিয়ে যাবে। তিনি দ্রুত সুস্পষ্ট ও সময়বদ্ধ নির্বাচনী রূপরেখা ঘোষণা এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সরকারি হস্তক্ষেপ না করার দাবি জানান।

জনপ্রতিনিধি পেতে অপেক্ষা বাড়তে পারে
দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৮০। এসব ইউনিয়নে সর্বশেষ বড় পরিসরে কয়েক ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২১-২২ সালে। প্রথম ধাপে ২০২১ সালের ২১ জুন ২০৪টি ইউনিয়নে ভোট হয়। এর বড় একটি অংশ ছিল বরিশাল বিভাগের ইউনিয়ন।

তবে স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের নির্বাচন একই সময়ে হয়নি। উপজেলা পরিষদের সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২৪ সালে এবং জেলা পরিষদের নির্বাচন হয় ২০২২ সালের অক্টোবরে। আবার ২০২৪ সালের আগস্টে ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

ফলে স্থানীয় সরকারের কোন প্রতিষ্ঠানে কখন নির্বাচন হবে, সেটিও আলাদাভাবে নির্ধারণ করতে হবে। এবার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। এ বিষয়ে আইনও সংশোধন করা হয়েছে।

নির্বাচনের সময় নিয়ে আলোচনার মধ্যে মেয়াদ শেষ হওয়া ইউনিয়নগুলোর বিষয়টিও সামনে এসেছে। বরিশালের ১৯টি ইউনিয়নে নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য সরকারি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের আরও অনেক স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

নির্বাচন আগামী মে মাস পর্যন্ত পিছিয়ে গেলে এসব প্রতিষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধি পাওয়ার জন্য সাধারণ মানুষের অপেক্ষার সময় আরও দীর্ঘ হতে পারে। তবে স্থানীয় সরকার নির্বাচন ঠিক কবে শুরু হবে, তা নির্ভর করছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর প্রস্তুতির ওপর।


স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  #স্থানীয়_সরকার_নির্বাচন #ইউপি_নির্বাচন #ইউনিয়ন_পরিষদ #নির্বাচন_কমিশন #ইসি #নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close