প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৭ পিএম

বিশ্ববাজারে আরও এক দফা কমেছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) চলতি সপ্তাহের নীতি বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় বাজারে স্বর্ণের দামে এই পতন দেখা দিয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩১২ দশমিক ৫৯ ডলারে নেমে আসে, যা গত ৭ আগস্টের পর থেকে এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন।
এদিকে, যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচারসের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৫১ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে। স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামেও নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। শুক্রবার প্রকাশিত প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির ডেটা এবং তেলের দাম বৃদ্ধির কারণে ফেডের নীতি আরও কঠোর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সাধারণত সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যায়, যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণ বিক্রির প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি