প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:০০ পিএম

দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কঠোর মন্তব্য করেছেন। তিনি দলটির শীর্ষ নেতাদের উদ্দেশে বলেন, সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ করা হলেও তারা একটি বড় দল এবং ভবিষ্যতে রাজনীতিতে ফিরবে। তাই এমন কোনো রাজনৈতিক রূপরেখা বা কৌশল যেন তারা তৈরি না করেন, যার কারণে পরবর্তী সময়ে দলটিকে লজ্জিত হতে হয়। এ সময় বিমানবন্দরে তার সঙ্গে তার বাবা প্রকৌশলী আমিনুল হকও উপস্থিত ছিলেন।
ভেনিস চলচ্চিত্র উৎসবে সাফল্য ও হেনস্তার শিকার হওয়া
রাজনীতি নিয়ে এই মন্তবের পাশাপাশি সাম্প্রতিক ইতালি সফর ও সেখানে ঘটে যাওয়া অপ্রীতিকর অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। গত সপ্তাহে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে তিনি ইতালিতে গিয়েছিলেন। উৎসবে সিনেমাটি মর্যাদাপূর্ণ ‘ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডসের প্রেমীও বিসাতো দ’ওরো’ পুরস্কার অর্জন করে। গত ৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। তবে প্রিমিয়ারের পর পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে বের হলে তিনি অতর্কিত হামলা ও হেনস্তার শিকার হন। তার ওপর পানি, কোমলপানীয় ও ডিম ছুড়ে মারা হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। সে সময় তার ভাইয়ের স্ত্রী ও তিন বছরের শিশুসন্তানও তার সঙ্গে ছিলেন। ইতালিতে ঘটে যাওয়া এই হামলার ঘটনার পর দেশের অনেক শিল্পী ও সংস্কৃতিকর্মী তার পাশে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংহতির বার্তা দিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি