প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৭ পিএম

চলতি আমন মৌসুমে নওগাঁ জেলার ১১টি উপজেলার ৩৫ হাজার প্রান্তিক আমন চাষির মাঝে ২ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকার সরকারি কৃষি প্রণোদনা দেওয়া হয়েছে। কৃষকদের আমন চাষে উৎসাহিত করা এবং উৎপাদন খরচ কমাতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে কৃষি বিভাগ।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি খরিপ-২ মৌসুমে রোপা আমন চাষের জন্য নির্বাচিত ৩৫ হাজার কৃষককে বিনামূল্যে ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে।
প্রতি কৃষকের জন্য ১ বিঘা জমিতে চাষের উপযোগী এসব কৃষি উপকরণ দেওয়া হয়েছে। এর মধ্যে ৫ কেজি বীজের মূল্য ৩৫০ টাকা, ১০ কেজি ডিএপি সারের মূল্য ১৯০ টাকা এবং ১০ কেজি এমওপি সারের মূল্য ১৯০ টাকা। সব মিলিয়ে প্রত্যেক কৃষক ৭৩০ টাকা মূল্যের বীজ ও সার বিনামূল্যে পেয়েছেন।
১১টি উপজেলায় প্রণোদনা পাওয়া কৃষকের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ২ হাজার ১০০ জন, রানীনগরে ৩ হাজার জন, আত্রাইয়ে ১ হাজার ৮০০ জন, বদলগাছীতে ২ হাজার ৬০০ জন, মহাদেবপুরে ৫ হাজার জন, পত্নীতলায় ৪ হাজার ১০০ জন, ধামইরহাটে ৩ হাজার ৮০০ জন, সাপাহারে ২ হাজার জন, পোরশায় ২ হাজার ৫০০ জন, মান্দায় ৩ হাজার জন এবং নিয়ামতপুরে ৫ হাজার ১০০ জন কৃষক এই প্রণোদনার আওতায় এসেছেন।
কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, ৩৫ হাজার কৃষকের প্রত্যেককে ৭৩০ টাকা মূল্যের বীজ ও সার দেওয়ায় পুরো কর্মসূচির আর্থিক মূল্য দাঁড়িয়েছে ২ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনজুর হোসেন বলেন, কৃষি ও কৃষকদের কল্যাণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রান্তিক কৃষকরা যাতে কম খরচে আমন ধান উৎপাদন করে লাভবান হতে পারেন এবং কৃষকদের আমন চাষে উৎসাহিত করা যায়, সে লক্ষ্যেই সরকারি উদ্যোগে এই প্রণোদনা দেওয়া হয়েছে।
কৃষকদের হাতে বিনামূল্যে বীজ ও সার পৌঁছে দেওয়ার ফলে চলতি মৌসুমে আমন চাষের খরচ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে উৎপাদন বাড়ানো এবং প্রান্তিক কৃষকদের কৃষিকাজে আরও উৎসাহিত করতেও এই উদ্যোগ ভূমিকা রাখবে।
স্বদেশ প্রতিদিন/এস পি