রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ভবনের পেছনে একটি পুরোনো চারতলা ভবনের ছাদে আগুন লাগার ঘটনা ঘটেছে। ভবনটির তৃতীয় তলায় বৈদ্যুতিক সাব-স্টেশন থাকায় আগুন নিয়ন্ত্রণে সতর্কতার সঙ্গে কাজ করছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভবনটির ছাদে থাকা পরিত্যক্ত প্লাস্টিকের মালামাল থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের কাছেই ভবনটির তৃতীয় তলায় একটি বৈদ্যুতিক সাব-স্টেশন রয়েছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ভবনের পাশে একটি পুরোনো চারতলা ভবনের ছাদে পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে আগুন লাগে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
আগুনের সূত্রপাত পরিত্যক্ত প্লাস্টিকের মালামাল থেকে হলেও বৈদ্যুতিক সাব-স্টেশন কাছাকাছি থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরই ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।