প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২১ পিএম

২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় দেশের ৫৫ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করা হয়েছে। একই অর্থবছরে ৮১ কিলোমিটার নতুন ফ্লেক্সিবল পেভমেন্ট এবং ৫৯ কিলোমিটার রিজিড পেভমেন্ট নির্মাণ করা হয়েছে।
বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মো. জাহান্দার আলী মিয়ার (মাদারীপুর-২) লিখিত প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।
মন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে মোট ২৫৯ দশমিক ৫৩ কিলোমিটার সড়ক প্রশস্ত করার কাজ শেষ হয়েছে। পাশাপাশি ১৫৮ কিলোমিটার সড়ক শক্তিশালীকরণ এবং ২৫৮ কিলোমিটার মহাসড়ক পুনঃপৃষ্ঠায়নের কাজ সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও জানান, ওই সময়ে ৪ হাজার ৫৮৮ মিটার দৈর্ঘ্যের মোট ৫৮টি সেতু নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ১ হাজার ১৫২ মিটার দৈর্ঘ্যের ২১৪টি কালভার্ট, ৭০০ মিটার দৈর্ঘ্যের একটি ফ্লাইওভার এবং ৪২ মিটার দৈর্ঘ্যের একটি ওভারপাস নির্মাণ করা হয়েছে।
এ ছাড়া মোট ২১ দশমিক ৩৫ মিটার দৈর্ঘ্যের দুটি আন্ডারপাসও নির্মাণ করা হয়েছে বলে সংসদে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
মন্ত্রী বলেন, বর্তমানে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় মোট ১৫ হাজার ৮৫১ কোটি ৮ লাখ টাকা বরাদ্দে ৯৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ