
পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পলিথিন ও প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির সভার বিষয়টি জানিয়েছেন।
সভায় দেশের পরিবেশ দূষণের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার, বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হওয়ায় এর ব্যবহার নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও সক্রিয় ও কঠোর হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সভায় পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি নিয়েও আলোচনা হয়। প্রচলিত ইট উৎপাদনের কারণে পরিবেশের ওপর যে নেতিবাচক প্রভাব পড়ে, তা কমাতে বিকল্প ও পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এ ছাড়া দেশের বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং পরিবেশ দূষণ কমাতে ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়েও আলোচনা হয়।
প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি সংস্থাগুলোকে পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্ব দেন। শুধু নীতিমালা প্রণয়ন নয়, মাঠপর্যায়ে সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে চলমান কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা হয়। বিশেষ করে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা জোরদার এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সরকারি উদ্যোগ আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি