প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৭ AM

দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়। আজ সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এই দাম কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, যা আগের দামের তুলনায় ১ হাজার ৪৯ টাকা কম। একইভাবে ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা, অর্থাৎ কমেছে ৯৩৩ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ক্যাটাগরিতে দাম কমেছে ৭০০ টাকা।
বাজুস জানিয়েছে, তেজাবী স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশের বাজারে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে ৬ সেপ্টেম্বরও স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সে সময় ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের গহনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। এরপর নতুন সিদ্ধান্তে মূল স্বর্ণের দাম আরও কমল।
তবে স্বর্ণের গহনা কেনার সময় নির্ধারিত স্বর্ণের দামের সঙ্গে ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে। বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে পুরোনো অলংকার এক্সচেঞ্জ করলে ১২ শতাংশ এবং পারচেজ করলে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম রয়েছে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।
পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন স্বর্ণের বিক্রয়মূল্য কার্যকর থাকবে।
স্বদেশ প্রতিদিন/এস পি