প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৮ পিএম

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করবেন।
৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এরপর ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
গোপন ব্যালটে নির্বাচিত
এর আগে গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের ভোটে ড. খলিলুর রহমান ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন।
গোপন ব্যালটে অনুষ্ঠিত ওই নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন।
৪০ বছর পর বাংলাদেশি সভাপতির দায়িত্ব
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী দায়িত্ব পালন করেছিলেন। তিনি ইউএনজিএর ৪১তম অধিবেশনের সভাপতি ছিলেন।
প্রায় চার দশক পর আবারও একজন বাংলাদেশি বিশ্বের অন্যতম বৃহৎ বহুপক্ষীয় ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
ড. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য ৮১তম অধিবেশনে বৈশ্বিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোও আন্তর্জাতিক পরিসরে গুরুত্ব পাওয়ার সুযোগ তৈরি হবে।
স্বদেশ প্রতিদিন/আরএম