প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১০ পিএম

নেপালে ভয়াবহ বন্যার ১০ দিন পর কাদামাটিতে ভরা সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) আপার ট্রিশুলি-১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে তাঁকে উদ্ধার করে নেপালের সেনাবাহিনী ও বিদেশি উদ্ধারকারীদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল।
নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনের বরাত দিয়ে দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, লুহাইতো নামের ওই চীনা নাগরিককে সুড়ঙ্গের প্রায় ২২৫ মিটার গভীর থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
নেপালের সেনাবাহিনী জানিয়েছে, আপার ট্রিশুলি-১ জলবিদ্যুৎ প্রকল্প এলাকায় এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সুড়ঙ্গের ভেতরে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে দেখা হচ্ছে।
এদিকে একই দিন নেপালের বেত্রবতীতে কাদায় ডুবে থাকা একটি চারতলা ভবনের ওপরতলা থেকে ৬০ বছর বয়সী চান্দিকা শ্রেষ্ঠাকেও জীবিত উদ্ধার করেছে পুলিশ।
এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) ত্রিশূলী-৩ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়। তাঁরা হলেন সঞ্জয় শাহ ও কবির মহারাজন। সঞ্জয় শাহ নেপাল বিদ্যুৎ বিভাগের কর্মী বলে জানা গেছে।
নেপাল বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা সুরেশ রাউত জানিয়েছেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় অক্সিজেন দেওয়া হচ্ছে। সুড়ঙ্গের ভেতরে আরও শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
গত ২৬ আগস্ট হিমবাহধস থেকে সৃষ্ট পাহাড়ি ঢল ও বন্যায় নেপালে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। এ দুর্যোগে এখন পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দুর্গম এলাকায় উদ্ধার অভিযান এখনও চলছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ