প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৬ পিএম

রাজধানীর বাড্ডা থানার উত্তর নন্দীপাড়া মৌজায় প্রায় ২১ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। উদ্ধার করা জমির পরিমাণ ০.১৪৫৯ একর, যা প্রায় ১৪ দশমিক ৬ শতাংশ।
বৃহস্পতিবার অভিযান চালিয়ে জমিটি অবৈধ দখল থেকে উদ্ধার করা হয়। পরে জমিটি পুরোপুরি সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা প্রশাসন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা জেলা প্রশাসন এ তথ্য জানায়।
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেমরা রাজস্ব সার্কেলের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে খাস জমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উত্তর নন্দীপাড়া মৌজায় সরকারি মালিকানাধীন জমিটি দখলমুক্ত করা হয়।
উদ্ধার করা জমিটি ইস্টার্ন হাউজিং লিমিটেডের প্রকল্পভুক্ত আফতাব নগর এলাকায় অবস্থিত। কোম্পানিটির তৈরি লে-আউট প্ল্যান অনুযায়ী জমিটি ‘এম’ ব্লকের ২ নম্বর সেক্টরের ১ নম্বর রোডে রয়েছে।
ঢাকা জেলা প্রশাসন জানিয়েছে, জমিটি উত্তর নন্দীপাড়া মৌজার সিটি ১ নম্বর খতিয়ানভুক্ত এবং সিটি ১৭১৮ নম্বর দাগের অন্তর্ভুক্ত। ০.১৪৫৯ একর আয়তনের এই জমির বর্তমান আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ কোটি টাকা।
অভিযান শেষে উদ্ধার করা খাস জমিতে সরকারি মালিকানা সংক্রান্ত অফিসিয়াল সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে জমিটির ওপর সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণের বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি সম্পত্তি সংরক্ষণ এবং অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি জমি অবৈধভাবে দখল বা ব্যবহারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় সরকারি জমি দখল ও অবৈধ ব্যবহারের অভিযোগের মধ্যে বাড্ডার এই জমি উদ্ধারকে সরকারি সম্পত্তি সংরক্ষণে প্রশাসনের চলমান কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/আরএম