প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৯ পিএম

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য হিসেবে প্রথমবার জাতীয় সংসদে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের পর হুইলচেয়ারে করে সংসদ কক্ষে প্রবেশ করেন তিনি।
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে দেশের বাইরে চিকিৎসার জন্য যান মির্জা আব্বাস। দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পরদিনই সংসদ অধিবেশনে যোগ দিলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
সংসদ কক্ষে মির্জা আব্বাসের উপস্থিতি দেখে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে স্বাগত জানান। স্পিকার বলেন, ‘পাঁচ মাস পর জাতীয় সংসদে যোগ দিয়েছেন মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন। আমরা তাকে স্বাগত জানাই।’
এর আগে বৃহস্পতিবারই মির্জা আব্বাস জাতীয় সংসদে তার নিজ দপ্তরে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। এরপর সংসদ অধিবেশনে অংশ নিতে কক্ষে প্রবেশ করেন তিনি।
দীর্ঘ সময় চিকিৎসার কারণে সংসদীয় কার্যক্রমে অনুপস্থিত থাকার পর মির্জা আব্বাসের সংসদে ফেরা বিএনপির নেতাকর্মী ও তার নির্বাচনী এলাকার মানুষের জন্যও তাৎপর্যপূর্ণ। বর্তমানে তিনি হুইলচেয়ারে চলাফেরা করছেন এবং চিকিৎসা-পরবর্তী সময়ে ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরছেন।
স্বদেশ প্রতিদিন/আরএম