প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৮:০১ পিএম

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পে সারাদেশে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।
রাজধানীতে দেয়াল ধসে নিহত ৪
ঢাকার বংশালের কসাইটুলী এলাকায় একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে নিচে পড়ে তিন পথচারী নিহত হন। নিহতদের মধ্যে বাবা–ছেলেসহ তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—হাজি আব্দুল রহিম (৪৭) ও তার ছেলে মেহরাব হোসেন রিমন (১৩)। একই ঘটনায় সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিও মারা গেছেন। তার মা নুসরাত গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
বংশাল থানার ওসি ঘটনাটি নিশ্চিত করেছেন।
এ ছাড়া রাজধানীর মুগদার মদিনা বাগ এলাকায় নির্মাণাধীন ভবনের রেলিং ধসে পড়ে মাকসুদ (৫০) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
নারায়ণগঞ্জে দেয়ালচাপায় এক শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সময় একটি টিনশেড বাড়ির দেয়াল ধসে পড়ে এক বছরের শিশু ফাতেমার মৃত্যু হয়। আহত হয়েছেন শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম। নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকার আব্দুল হকের মেয়ে।
ঘটনাটি রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
নরসিংদীতে নিহত ৫ জন
নরসিংদী সদর উপজেলার গাবতলীতে বাড়ির সানশেড ভেঙে পড়ে ওমর (১০) নামে এক শিশু ঘটনাস্থলেই মারা যায়। পরে তার বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ওমরের চাচা জাকির হোসেন জানান, ভূমিকম্প শুরু হলে দেলোয়ার তিন সন্তানকে নিয়ে ঘর থেকে বের হতে গেলেই সানশেড ভেঙে তাদের ওপর পড়ে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ওসি ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
একই দিনে নরসিংদীর পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘর ধসে কাজেম আলী ভূঁইয়া (৭৫) মারা যান। কাজীরচর নয়াপাড়া গ্রামের নাসির উদ্দিন (৬৫) এবং শিবপুরের জয়নগর ইউনিয়নের আজকীতলা গ্রামের ফোরকান মিয়া (৪৫)–ও ভূমিকম্পে প্রাণ হারান।
স্বদেশ প্রতিদিন/কেআইকে